আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের একাংশে ছড়িয়ে পড়া একটি তালিকা নিয়ে এবার অত্যন্ত কড়া ভাষায় প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ আজ এক সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, বাজারে যে তালিকাটি ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি কুৎসিত চক্রান্ত।
এদিন ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহাকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদমাধ্যমে বেশ কয়েকটি সম্পত্তির নাম ও ঠিকানা দিয়ে দাবি করা হচ্ছে যে, সেগুলো নাকি অভিষেক ব্যানার্জি বা তাঁর পরিচিতদের। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানাচ্ছি, এই তালিকা এক্কেবারে মিথ্যা। যেসব ঠিকানা বা সম্পত্তির উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে অভিষেক ব্যানার্জির মালিকানার দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই।” তিনি আরও যোগ করেন, যাদের অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে সত্যিই জানার আগ্রহ রয়েছে, তারা যেন তাঁর নির্বাচনী হলফনামা (Affidavit) দেখে নেন। সেখানে আইনের নিয়ম মেনে সমস্ত সম্পত্তির খতিয়ান স্পষ্ট দেওয়া আছে। কাউকে কালিমালিপ্ত বা কুৎসা করার জন্য এই ধরনের ভুয়ো তালিকা যেন কেউ ব্যবহার না করেন, সেই অনুরোধও জানান তিনি।
সম্প্রতি দলের অন্দরের কিছু ক্ষোভ-বিক্ষোভ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই তিন নেতার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের কথা উল্লেখ করে কুণাল বাবু জানান, দলের চেয়ারপার্সন মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁদের দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত মনখোলা ও ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠকে বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং শঙ্খকমল সাহাও উপস্থিত ছিলেন।
তবে দলের অন্দরের এই আলোচনা নিয়ে বাইরে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। কুণাল ঘোষের কথায়, “আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, তা সম্পূর্ণভাবে আমাদের দল এবং সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। আমরা প্রত্যেকেই চাই দল যেন আরও শক্তিশালী হয়। তাই খোলামেলা আলোচনা ও মতবিনিময় হয়েছে। এটা নিয়ে বাইরে কোনও মন্তব্য আমরা করব না।” রাজনৈতিক মহলের মতে, একদিকে অভিষেকের বিরুদ্ধে ওঠা ভুয়ো প্রচারের কড়া প্রতিবাদ এবং অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক— এই দুইয়ের মাধ্যমে তৃণমূলের এই নেতারা স্পষ্ট করে দিলেন যে, দলের অন্দরে কোনও বড় ফাটল নেই এবং যেকোনও রাজনৈতিক আক্রমণের মোকাবিলা করতে তাঁরা সম্পূর্ণ এককাট্টা।