আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার নিউ মার্কেট এলাকায় ত্রিকোণ প্রেমের বিবাদের জেরে নৃশংস খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার সকালে প্রকাশ্যেই মুদিখানার দোকানে ঢুকে ১৭ বছরের এক কিশোরকে গলায় একাধিকবার ছুরি মেরে খুন করার চেষ্টা করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃত কিশোরের নাম দীপক গুপ্ত, বয়স ১৭। তাঁর বাড়ি নিউ মার্কেট থানার অন্তর্গত উমা দাস লেনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অমিয় হাজরা লেনের “গুপ্তা স্টোর” নামে তাঁদের মুদিখানার দোকানেই কাজ করত দীপক।
পুলিশ সূত্রে খবর, এদিন বুধবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ অভিযুক্ত শশী তেওয়ার নামে এক যুবক দোকানে ঢোকে। অভিযোগ, আচমকাই দীপকের গলায় ধারালো ছুরি দিয়ে একের পর এক কোপ মারে শশী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কিশোর দিপক । চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা ও পরিবারের সদস্যরা।
দীপকের ভাই ও এক বন্ধু প্রথমে তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার চলাকালীন দুপুর প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ মৃত্যু হয় দীপকের।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্ক ঘিরেই এই খুনের ঘটনা। তদন্তকারীরা জানতে পেরেছেন, স্থানীয় এক তরুণীকে কেন্দ্র করে অভিযুক্ত শশী ও দীপকের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ওই তরুণীর সঙ্গে দীপকের কথাবার্তা ও মেলামেশা নিয়ে ক্ষুব্ধ ছিল শশী। এমনকি দীপককে ওই তরুণীর থেকে দূরে থাকার হুমকিও দিয়েছিল সে। পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনার আগের দিন কথা গতকাল মঙ্গলবার ১৯ তারিখ দীপক ওই তরুণী ও বন্ধুদের সঙ্গে নিকো পার্ক ওয়াটার পার্কে ঘুরতে গিয়েছিল। সেই ঘটনাতেই অভিযুক্ত আরও ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অনুমান তদন্তকারীদের।
ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। অবশেষে আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শশীকে। এমনটাই পুলিশ সূত্রে খবর। তাকে আগামীকাল আদালতে তোলা হবে বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ আরও তদন্ত করে দেখছে এই ঘটনায় শুধু শশী তিওয়ার একা ঘটিয়েছে, নাকি সঙ্গে আরও কেউ যুক্ত ছিল। জিজ্ঞাসাবাদ করা হবে তার প্রেমিকাকেও বলেই পুলিশ সূত্রে খবর। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ, এমনটাই লালবাজার পুলিশ সূত্রে খবর। তবে এই নৃশংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।