আজকাল ওয়েবডেস্ক: ভারতের নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর তথ্য পাকিস্তানি গোয়েন্দা অফিসারদের (PIOs) কাছে পাচারের অভিযোগে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। ভারত-বিরোধী এক সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের অংশ হিসেবে এই গুপ্তচরবৃত্তির চক্র চালানো হচ্ছিল বলে জানিয়েছে এনআইএ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জাফরের বিরুদ্ধে আগেই একটি 'লুক আউট সার্কুলার' (LOC) জারি করা হয়েছিল এবং তাঁকে ‘ঘোষিত অপরাধী’ (Proclaimed Offender) হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছিল। সেই সময়ই তাঁকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। জাফরের বিরুদ্ধে বিএনএস (BNS), অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ (UAPA) আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, জাফর এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিলেন এবং তাঁর সন্তানরাও পাকিস্তানের নাগরিক। এর আগেও একবার একটি গুপ্তচরবৃত্তির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ২০০৫ সাল থেকে জাফর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘন ঘন যাতায়াত করতেন। এমনই এক সফরের সময় পাকিস্তানি গোয়েন্দা অফিসাররা মোটা টাকার প্রলোভন ও পাকিস্তানি নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কাজে লিপ্ত করে।
শুধু তথ্য পাচারই নয়, এই চক্রের অন্য সদস্যদের সুবিধা করে দিতে ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি (OTP) পাকিস্তানি গোয়েন্দাদের সরবরাহ করতেন জাফর, যাতে তারা অনায়াসে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারে। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই পাকিস্তানি গোয়েন্দারা মোতিরাম জাট নামে এই মামলার আরেক অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখত, যে নিজেও দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানে পাচার করত। এই আন্তর্জাতিক গুপ্তচর চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে এনআইএ নিজেদের তদন্ত জারি রেখেছে।