• বন্ধের নোটিস উপেক্ষা করেই চলছিল নার্সিংহোম, প্রসূতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কাটোয়ায়
    দৈনিক স্টেটসম্যান | ২১ মে ২০২৬
  • সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে কাটোয়ার কাছারি রোডের একটি বেসরকারি নার্সিংহোম ও সেখানকার চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃতার পরিবার, স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের তরফে আগেই ওই নার্সিংহোম বন্ধ রাখার নোটিস দেওয়া  হয়েছিল, তবুও তা চালু রাখা হয়।

    জানা গিয়েছে, মৃতার নাম সুস্মিতা প্রধান (২৭) এবং তাঁর বাড়ি কেতুগ্রামের মুরুন্দি গ্রামে। তাঁর  বাপেরবাড়ি কাটোয়ার শ্রীবাটি এলাকায়। পরিবারের দাবি, সন্তান প্রসবের জন্য প্রথমে তাঁকে চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলের চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। সুস্মিতার মা মঙ্গলা প্রধান বলেন, ‘শুক্রবার ডাক্তারবাবুর চেম্বারে মেয়েকে নিয়ে যাওয়া হয়। আমাদের লক্ষ্য ছিল, যেদিন ওই ডাক্তারবাবুর হাসপাতালে ডিউটি থাকবে, সেদিন মেয়েকে ভর্তি করা হবে।‘

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাটোয়া মহকুমা হাসপাতালে দেখানোর পর চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং একটি বেসরকারি নার্সিংহোমে সুস্মিতাকে ভর্তি করতে বলেন। মৃতার স্বামী তাপস প্রধানের কথায়, ‘চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল জানান, অস্ত্রোপচার করতে হবে। তিনি  কাটোয়ার ওই নার্সিংহোমে ভর্তি করার জন্য বলেন।‘

    সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজারের মাধ্যমে সন্তানের জন্ম হয়। প্রথমদিকে সুস্মিতা সুস্থ থাকলেও বিকেলের দিকে আচমকা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছে।

    বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ-সভাপতি অনিল বসুর অভিযোগ, ‘যে নার্সিংহোমে ওই রোগীকে ভর্তি করার জন্য ডাক্তারবাবু পাঠিয়েছিলেন ওই নার্সিংহোম এমনিতেই স্বাস্থ্য বিভাগের ব্ল্যাকলিস্টে ছিল।‘ যদিও চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলের দাবি, ‘চিকিৎসার গাফিলতি কিছু হয়নি। এটা  দুর্ভাগ্যজনক।‘ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)