পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত গৃহবধূর নাম কাজল মির্দে(২৮)।অভিযুক্ত স্বামী শ্যামল মির্দে (৩০) মঙ্গলবার রাতে স্থানীয় একটি কালীপুজোর অনুষ্ঠান থেকে অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফেরে।বাড়ি ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়।বচসার জেরে শ্যামল মির্দে ঘরে থাকা একটি ভারী বস্তু দিয়ে কাজল মির্দের মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাজল। ঘরের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি এবং পরে কাজলদেবীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন জামালপুর থানায় । খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান হাসপাতালে।
নেশার বলি এই প্রথম নয়। সম্প্রতি স্ত্রীর কাছে নেশার টাকা না পাওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। স্বামীর পাশাপাশি তাঁর পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি সুপার মার্কেট এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম সুনীতি সর্দার। বছর চারেক আগে ভরত মন্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায়ই নেশা করে স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন ভরত। একইভাবে এদিন দুপুরেও স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি হয়। এরপরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ।