• তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভাকে শো-কজ নোটিস রাজ্যের! বুধবারের মধ্যেই দিতে হবে জবাব, কী কী অভিযোগ?
    News18 বাংলা | ২১ মে ২০২৬
  • কাঁথি: কয়েকদিন আগেই ভোল-বদলের ইঙ্গিত মিলেছিল। পুরসভার অচলাবস্থা কাটাতে আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হল তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার বোর্ড-অফ-কাউন্সিলরকে। ঘটনাচক্রে কাঁথি পুরসভা এলাকাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি। ফলে, সংশ্লিষ্ট পুরসভা ঘাসফুল শিবিরের হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    গত ১৮ মে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার ‘বোর্ড-অফ-কাউন্সিলরকে দেওয়া শো-কজের জবাব আজ, বুধবারের মধ্যে দিতে হবে। নোটিস পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এবং ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্নার কাছে পৌঁছে গিয়েছে। ১৩ মে কাঁথির মহকুমাশাসকের তরফে একটি রিপোর্ট (মেমো নম্বর-১৯০) জেলাশাসক মারফত রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে জমা পড়ে। তাতে বলা হয়, ২১ টি ওয়ার্ডের ১২ জন পুর-প্রতিনিধি ইস্তফা দিয়েছেন। এতে পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে। পুরসভার চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না। পুর পরিষেবা-সংক্রান্ত কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    ১২ মে পুরসভার অস্থায়ী কর্মদের তরফে নির্বাহী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়, নিয়মিত পরিষেবা দেওয়া সত্ত্বেও তাঁরা দু’ মাস টাকা পাচ্ছেন না। ৫,৭, ১১, ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধিদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও এসেছিল প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে সুপ্রকাশের নেতৃত্বাধীন ‘বোর্ড-অফ-কাউন্সিলর্স’-কে পুর পরিষেবা দিতে ব্যর্থতার অভিযোগ ওঠায় কারণ দর্শানোর নোটিস দিয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতর। সে সময় পুরসভা জবাব দেয়। তারপর অবশ্য কিছুই জানা যায়নি।

    এখন বিধানসভা নির্বাচনে জেলায় ধুয়ে সাফ হয়েছে ঘাসফুল শিবির। এমন পরিস্থিতিতে দিন কয়েক আগে পুরসভায় গিয়ে বৈঠক করেছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী। তার পরেই জল্পনা শুরু হয়েছে পুরসভার মেয়াদ নিয়ে। সোমবার রাজ্যের সব পুরসভার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, ওই বৈঠকে কাঁথি পুরসভার প্রসঙ্গ উঠেছিল। সেখানে মহকুমাশাসক প্রতীক অশোক ঘুমালকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী। তারপর রাতেই কারণ দর্শানোর নোটিস দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। প্রশাসনিক এবং রাজনৈতিক মহলের অনুমান, পুরসভার বোর্ড-অফ-কাউন্সিলর্স-কে সরিয়ে দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া এটাই।
  • Link to this news (News18 বাংলা)