দেশের স্বার্থে জমি ছাড়লেন কৃষকরা, নিরাপত্তা বাড়ল সীমান্তে! ২৫ একর জমি অধিগ্রহণ সম্পন্ন মালদহে
News18 বাংলা | ২১ মে ২০২৬
মালদহ, জিএম মোমিন: দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে স্বেচ্ছায় ফসলি জমি তুলে দিচ্ছেন সীমান্তবর্তী এলাকার কৃষকরা। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য মালদহ জেলার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। রাজ্য সরকারের নির্দেশে কাঁটাতারহীন উন্মুক্ত সীমান্ত এলাকাগুলিতে জোরকদমে চলছে প্রশাসনিক তৎপরতা।
মালদহ জেলায় মোট ১৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় ৩৩ কিলোমিটার এখনও উন্মুক্ত। সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে ওই এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ২৬০ একর জমির মধ্যে ইতিমধ্যেই ২৫ একর জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। সীমান্ত ঘেঁষা এই এলাকাগুলিতে অধিকাংশ জমিই কৃষিজমি। তবুও দেশের স্বার্থে জমি দিতে এগিয়ে এসেছেন কৃষকরা। স্থানীয় এক কৃষক ফণি সরকার জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে আসা দুষ্কৃতীদের আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছিল। জমির ফসল, চাষের সরঞ্জাম এমনকি বিভিন্ন সামগ্রীও চুরি হয়ে যেত। উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে অনুপ্রবেশও চলত। তাই কাঁটাতার নির্মাণে তাঁরা খুশি।
সীমান্ত এলাকার আরও এক কৃষক পচু হলদার বলেন, “দেশের স্বার্থে জমি দিতে পেরে আমরা গর্বিত। কাঁটাতার হলে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়বে, শান্তিতে বসবাস করা যাবে।” এই দিন হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণের কাজ পরিদর্শনে যান মালদহ জেলা ভূমি সংস্কার বিভাগের অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, ব্লক প্রশাসনের আধিকারিক ও স্থানীয় বিধায়ক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করে বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রশাসনিক আধিকারিকরা জানান, সীমান্তে কাঁটাতার নির্মাণের ফলে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে দ্রুততার সঙ্গে সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।