২২ তারিখ বাড়ি ফেরার কথা ছিল, তার আগেই সব শেষ! ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় প্রাণ গেল মালদহের ৩ ছাত্রের
News18 বাংলা | ২১ মে ২০২৬
মালদহ, জিএম মোমিন: ভিন রাজ্যে পড়তে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের তিন ছাত্রের। পথ দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের কালিয়াচক এলাকায়। বুধবার ভোররাতে উত্তরপ্রদেশের গাজরোলা জাতীয় সড়কে একটি অটো ও দ্রুতগতির চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল কালিয়াচক এলাকার তিন ছাত্রের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ দিন আগে মালদহের কালিয়াচক এলাকা থেকে প্রায় ১৫ জন ছাত্র উত্তরপ্রদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যায়। কয়েকদিন আগে তাঁরা সেখান থেকে ঘোরা ফেরার জন্য বারেলী যান। বুধবার ভোর প্রায় তিনটে নাগাদ সেখান থেকে অটোতে করে ফেরার পথে গাজরোলা জাতীয় সড়কে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি চারচাকা গাড়ি অটোটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা ছয়জন। এরপর তড়িঘড়ি স্থানীয়রা আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মালদহের তিনজনের।
বন্ধুপরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল আশরাফ রেজা (১৮), বাড়ি কালিয়াচক থানার সিলামপুরের গোপাল প্রাসাদ গ্রামে। নাসিমুল (১৮) , বাড়ি ইমামনগর গ্রামে এবং আর এক ছাত্র মোথাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের অটো চালকের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক সুন্নাতুল ইসলাম (১৭), বাড়ি কালিয়াচক ঝাকসুটোলা গ্রামে এবং গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে উত্তর দারিয়াপুর এলাকার আর এক ছাত্র।
মৃত ছাত্র আশরাফ রেজার বাবা ফারুক শেখ বলেন, “গত প্রায় ২০ দিন আগে পড়াশোনার জন্য ছেলে উত্তরপ্রদেশে গিয়েছিল। এদিন উত্তরপ্রদেশের ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে থেকে একটি ফোন আসে আপনার ছেলে অসুস্থ রয়েছে। এরপর কিছুক্ষণ পর জানানো হয় মৃত্যু হয়েছে ছেলের। পরে জানতে পারি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছেলের। সামনে ২২ তারিখ বাড়ি ফেরার কথা ছিল ছেলের। কী করব বুঝে উঠতে পারছি না।”
এদিকে এই ঘটনার খবর বাড়িতে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা গ্রামে। ঘটনায় মৃতদেহ ও আহতদের বাড়ি ফিরিয়ে আনতে প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।