প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে জিততেই হবে শেষ দুই ম্যাচে। এই অঙ্ক মাথায় রেখেই বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে হতাশ করেননি KKR-এর ক্রিকেটাররা। বৃষ্টি কোপ বসালেও ম্যাচে জয় তুলে নিল নাইটরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে মঞ্চ গড়ে দিয়েছিলেন KKR-এর পেসাররা। সেই মঞ্চে লড়াকু ইনিংস খেলে জয় এনে দিলেন মণীষ পাণ্ডে, রোভমান পাওয়েলরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান তুলেছিল মুম্বই। জবাবে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল KKR। ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে রইল নাইটরা।
KKR পেসারদের দাপট
ম্যাচের শুরু থেকেই দাপট দেখান কলকাতার পেসাররা। ক্যামেরন গ্রিনের বলে দ্রুত ফেরেন রায়ান রিকেলটন (৬), নমন ধীর (০)। শুরুটা ভালো করেও রোহিত শর্মা ১৫ করে আউট হন সৌরভ দুবের বলে। সূর্যকুমার যাদবকেও (১৫) ক্লিন বোল্ড করেন সৌরভ। পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে MI। তবে ৮ ওভার শেষে যখন মুম্বইয়ের স্কোর ৫৭-৪, তখন বৃষ্টির জন্য বন্ধ হয় খেলা।
বৃষ্টি থামার পরে মুম্বইকে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। তবে সেই জুটি ভাঙেন সুনীল নারিন। ২০ রান করে আউট হন তিলক। বেশিক্ষণ টিকতে পারেননি হার্দিক। টানা ম্যাচ মিসের পরে বুধবার ২৬ করে আউট হন। তবে শেষে করবিন বসের ঝোড়ো ৩২ রানের সুবাদে ১৪৭ রানে পৌঁছয় মুম্বই। দু’টি করে উইকেট নেন ক্যামেরন গ্রিন, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগী।
KKR-এর ইনিংস
রানতাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ৫৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। এই ম্যাচে ব্যর্থ ফিন অ্যালেন (৮), ক্যামেরন গ্রিন (৪)। ১৭ বলে ২১ রান করে আউট হন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে।
তবে এই ম্যাচে নাইটদের বড় চমক ছিল মণীষ পাণ্ডেকে তিনে নামানো। কাজে দেয় সেই স্ট্র্যাটেজি। বড় জুটি গড়েন মণীষ ও পাওয়েল। ৩৩ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন মণীষ। ৩০ বলে ৪০ রান করে ফেরেন পাওয়েল।
এই দুই ব্যাটার ফেরার পরে কিছুটা চাপে পড়ে KKR। এই ম্যাচে অভিষেক হওয়া তেজস্বী সিং আউট হন ১১ করে। তবে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং ও অনুকূল রায়। ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় KKR। একাধিকবার ক্যাচ মিসের ফল ভুগতে হলো মুম্বইকে।
পয়েন্ট তালিকায় অবস্থান
এই ম্যাচ জিতে ১৩ পয়েন্টে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। ষষ্ঠ স্থানে উঠে এল অজিঙ্ক রাহানে-সুনীল নারিনরা। ১৩ পয়েন্ট নিয়েই পাঁচে রয়েছে পাঞ্জাব। তবে নেট রান রেটে এগিয়ে তারা। এখন শেষ ম্যাচে জয়ই পাখির চোখ নাইটদের।