• আয়কর কর্মচারী ফেডারেশনের ৭৫ বছর পূর্তি, কর্মী স্বার্থরক্ষাই মূল লক্ষ্য
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • স্বাধীনতা পরবর্তী সময় থেকে কর্মচারীদের অধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলা আয়কর কর্মচারী ফেডারেশন উদযাপন করল ৭৫ বছর পূর্তি। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে কর্মীদের স্বার্থে আন্দোলন, সমাজসেবা এবং উন্নয়নমূলক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সাল জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এই প্লাটিনাম জুবিলি উদযাপন করা হবে। সংগঠনের দাবি, জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং কর্মচারীদের কল্যাণে তাদের অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক।

    বুধবার উৎযাপনের সূচনা হয় সকালে ফেডারেশানের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর মহাজাতি সদনে এক অনুষ্ঠানে সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের তরফে জানানো হয়েছে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু কর্মসূচি নয়, স্বাস্থ্য পরিষেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ জুলাই থেকে শুরু হবে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার মতো একাধিক সামাজিক উদ্যোগ। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন এলাকায় সচেতনতা প্রচারও চালানো হবে।

    ফেডারেশনের ইতিহাস প্রসঙ্গে সংগঠনের কর্মকর্তারা জানান, ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন শুরু হয়েছিল মাত্র ৬৮ জন কর্মীকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের বিস্তার ঘটে এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মচারীদের অধিকার রক্ষায় তারা সক্রিয় ভূমিকা পালন করে। সংগঠনের বিকাশে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও জানানো হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনেও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক উন্নয়ন এবং মানবিক পরিষেবার কাজে তারা একইভাবে অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন শ্রী সুমিত বোস এবং শ্রী ভাস্কর ভট্টাচাৰ্য, সভাপতিত্ব করেন শ্রী জয়দেব বড়ুয়া, সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ITEF এর বেঙ্গল সার্কলের সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত চক্রবর্তী। সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  • Link to this news (প্রতিদিন)