পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল NIA। ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
NIA সূত্রে খবর, ধৃতের নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। তার স্ত্রী এবং সন্তানরাও পাকিস্তানের নাগরিক। সেই সূত্রে ২০০৫ থেকে পাকিস্তানে যাতায়াত ছিল জাফরের। বস্তুত, আগে একবার গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরাও পড়েছিলেন তিনি। এর পর থেকে গোয়েন্দাদের নজরে ছিলেন জাফর। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। সেই সঙ্গে তাকে ঘোষিত অপরাধী ) হিসেবে ঘোষণা করার প্রক্রিয়াও চলছিল। ঠিক তখনই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
জাতীয় তদন্ত সংস্থা (NIA) জানিয়ছে, ভারত-বিরোধী সন্ত্রাসী ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপনে পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের (পিআইও) কাছে নিরাপত্তা-সংক্রান্ত গোপন তথ্য পাচার করতেন জাফর। এই কারণেই গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তান-সমর্থিত ওই গুপ্তচরকে।
এনআইএ-র দাবি, ২০০৫ সালে ঘন ঘন ভারত-পাকিস্তান যাতায়াত করতেন জাফর। জানা গিয়েছে, পাকিস্তানে যাতায়াতের সুবাদে জাফরের সঙ্গে যোগাযোগ হয় পাক গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। টাকার টোপ ও পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবককে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে কাজে লাগান। সেই কারণেই তিনি পাকিস্তানের গোয়েন্দাদের কাছে গোপনে ভারতের তথ্য পাচার করতেন।
জানা গিয়েছে, পাক গুপ্তচরবৃত্তিতে যুক্ত অন্যদের কাজের সাহায্যের জন্য হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট খুলতে পাকিস্তানের গোয়েন্দার কাছে ভারতের মোবাইল নম্বরের ওটিপি দিয়েছিলেন ধৃত। সেই হোয়াটসঅ্যাপ মারফত মোতিরাম জাঠ নামে এক জনের সঙ্গে যোগাযোগ ছিল পাক গোয়েন্দার। ইসলামাবাদের গোয়েন্দা সংস্থার কাছে মোতিরামও গোপনে তথ্য পৌঁছে দিতেন।
এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।