• কড়া নিরাপত্তায় ফলতায় পুনর্নির্বাচন
    আজকাল | ২১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের প্রশাসনিক খোলনলচে বদলে যাওয়ার আবহে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই ফলতা বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে বহুল চর্চিত পুনর্নির্বাচন। গত ২৯শে এপ্রিলের প্রথম দফার ভোটে বুথ জ্যাম ও ইভিএম বিকৃতির একগুচ্ছ অভিযোগ ওঠার পর, কমিশন কড়া পদক্ষেপ করে এই কেন্দ্রের সমস্ত বুথেই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। সেই মতো আজ সকাল সাতটা থেকে কড়া সুরক্ষাবলয়ের মধ্যে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া, যা চলবে সন্ধে ছ’টা পর্যন্ত।

    ভোর থেকেই গ্রামীণ ও শহরের বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। তীব্র গরমের কথা মাথায় রেখে দুপুরের আগেই ভোট সেরে নিতে প্রবীণ নাগরিক থেকে শুরু করে তরুণ ভোটারদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ দেখা গিয়েছে। এবারের পুনর্নির্বাচনে ফলতা কেন্দ্রের মোট ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২১ হাজার ৩০০ জন, মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ১৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোটারদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে পানীয় জল, ওআরএস, বিশ্রামের জায়গা এবং অসুস্থ বা প্রবীণদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষায় এবার প্রশাসন কোনো ঝুঁকি নিতে নারাজ। গোটা ফলতাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতি বুথের ভেতরে ও বাইরে কড়া প্রহরায় রয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ান। এছাড়া ২৮৫টি বুথেই ওয়েব কাস্টিং এবং সিসিটিভি-র মাধ্যমে সরাসরি নজরদারি চালাচ্ছে কমিশন। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি চোখের নিমেষে রুখে দিতে বুথের বাইরে চষে বেড়াচ্ছে ৩৫টি কুইক রেসপন্স টিম (QRT)। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরণের অশান্তি বা রিগিংয়ের খবর মেলেনি।

    তবে এই পুনর্নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটটা এবার বেশ চমকপ্রদ। ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে বিদায়ী শাসকদল তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান লড়াই থেকে আকস্মিক সরে দাঁড়ালেও, আইনি কারণে ইভিএম-এ তাঁর নাম ও প্রতীক রয়ে গেছে। কিন্তু সকাল থেকে ফলতার কোনও  বুথেই ঘাসফুল শিবিরের কোনও এজেন্টকে দেখা যায়নি। ফলে কার্যত বিরোধী শূন্য বুথে বিজেপির দেবাংশু পণ্ডা, সিপিএমের শম্ভুনাথ কুর্মি এবং কংগ্রেসের আব্দুর রজ্জাকের মধ্যেই মূল লড়াই সীমাবদ্ধ রয়েছে।

    ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও রয়েছে বাড়তি নজর, যদিও সকাল পর্যন্ত কোথাও কোনও অশান্তি বা বড় ধরনের অভিযোগের খবর মেলেনি। সব মিলিয়ে, পুনর্নির্বাচন ঘিরে ফলতায় গণতন্ত্রের উৎসব শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশেই। এখন নজর ভোটের হার এবং দিনের শেষে সামগ্রিক পরিস্থিতির দিকে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনার মাধ্যমে নির্ধারিত হবে জনতার চূড়ান্ত রায়।
  • Link to this news (আজকাল)