• অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এই কাজ না করলে অ্যাকাউন্টে ঢুকবে না, জরুরি তথ্য
    আজ তক | ২১ মে ২০২৬
  • এবার থেকে রাজ্য সরকারের বিভিন্ন আর্থিক অনুদান ও ভর্তুকির টাকা শুধুমাত্র আধার-সংযুক্ত বা ‘আধার সিডেড’ ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হবে। অর্থাৎ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করা কার্যত বাধ্যতামূলক হতে চলেছে।

    সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক আর্থিক প্রকল্পে এবার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে টাকা পাঠানো হবে। সেই কারণেই ব্যাঙ্ক এবং ডাকঘরগুলিতে আধার সংযুক্তিকরণের কাজ জোরকদমে শুরু হয়েছে। বহু মানুষ এই কাজ করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।

    এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলির টাকা সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পাঠানো হতো। তবে প্রশাসনের একাংশের মতে, পুরনো ব্যবস্থায় একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সমস্যা এড়াতেই এবার আধারভিত্তিক পেমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নতুন ব্যবস্থায় একটি প্রকল্পের টাকা শুধুমাত্র একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই পাঠানো হবে। কারও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তিনি নিজের পছন্দের অ্যাকাউন্টটি বেছে নিতে পারবেন, তবে সেটিকে অবশ্যই আধারের সঙ্গে সংযুক্ত করতে হবে।

    ব্যাঙ্ক কর্মীদের দাবি, বহু গ্রাহকই জানেন না তাঁদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত রয়েছে কি না। সেক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে অথবা ইউআইডিএআই-এর পোর্টালে অনলাইনে সেই তথ্য যাচাই করা যাবে। যাঁদের অ্যাকাউন্ট এখনও সিডেড নয়, তাঁরা নির্দিষ্ট ফর্ম পূরণ করে বায়োমেট্রিক যাচাই বা মোবাইল ওটিপি-র মাধ্যমে আধার সংযুক্তিকরণ করাতে পারবেন।

    এছাড়া ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-এর মাধ্যমেও এই কাজ করা সম্ভব। ডাক বিভাগও জানিয়েছে, যারা ব্যাঙ্কে ভিড় এড়াতে চান, তাঁরা পোস্ট অফিসের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে আধার সিডিং করাতে পারবেন।

    প্রশাসনিক মহলের মতে, নতুন এই ব্যবস্থার ফলে সরকারি অনুদান পৌঁছবে আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে, এবং ভুয়ো বা একাধিক অ্যাকাউন্টে টাকা যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে।

     
  • Link to this news (আজ তক)