• 'এত পাবলিসিটি নিচ্ছে কেন?' BSF-কে জমি দেওয়া নিয়ে শুভেন্দুকে কটাক্ষ সৌগতর
    আজ তক | ২১ মে ২০২৬
  • বুধবার কাঁটাতার লাগানোর জন্য বিএসএফ-কে ২৭ কিমি জমি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধোনা করতে ছাড়েননি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, তৃণমূল সরকার চাইলেই জমি দিতে পারত। কিন্তু ইচ্ছে করে দেয়নি। যদিও এবার শুভেন্দুর এহেন মন্তব্যের জন্য তাঁকে নিশানা করে বসলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। তাঁর কটাক্ষ, 'এই কাজ করে উনি এত প্রচার নিচ্ছেন কেন?' 


    সৌগতের অভিযোগ, '...নির্বাচনের সময় এটা তো ওনাদেরই প্রতিশ্রুতি ছিল যে সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়া হবে। আর সেই জমিই দেওয়া হয়েছে... ওখানকার জমিগুলো তো অনাবাদি পড়ে থাকে। এই জমির তো কোনও মূল্য নেই। এই কাজ করে উনি (শুভেন্দু অধিকারী) এত প্রচার কেন নিচ্ছেন?...'

    পাশাপাশি সৌগত মনে করেন, এখন শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। তাই যেখানে জমি দিতে চান দিতে পারেন। এই নিয়ে নতুন করে কিছু বলার নেই।

    বিএসএফকে সঙ্গে নিয়েই করেন বৈঠক শুভেন্দুর
    ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা জিতে এলে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য জমি দেবে। আর নিজেদের সেই প্রতিশ্রুতিই এবার পালন করল শুভেন্দু সরকার। তারা বিএসএফ-কে কাঁটাতার লাগানোর জন্য প্রয়োজনীয় কিছুটা জমি দিয়ে দিল। 

    বুধবার নবান্নে বিএসএফকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ৪ হাজার কিলোমিটার। ২২০০ কিমি রয়েছে পশ্চিমবঙ্গেই। এর মধ্যে ১৬০০ কিমি কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিমি কাঁটাতার অসম্পূর্ণ।' তাঁর অভিযোগ আগের সরকার চাইলেই জমি দিতে পারত। কিন্তু দেয়নি। তবে আজ তিনি ২৭ কিমি জমি দিলেন। ভারতকে সুরক্ষিত করার জন্যই এই জমি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, 'এটা সবেমাত্র সূচনা। আমাদের দক্ষ আধিকারিকেরা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন। বিএসএফকে সবরকম সাহায্য করবেন।'

    আর মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই সাংবাদিক বৈঠককেই অহেতুক পাবলিসিটি বলে মনে করছেন সৌগত। তৃণমূলের সাংসদের মতে, বিএসএফ-কে জমি দিয়ে এত বড়াই করার কিছু নেই। বিজেপি নিজের প্রতিশ্রুতি মেনেই কাজ করছে। 

    যদিও অপরদিকে বিজেপির দাবি, তৃণমূল ইচ্ছে করেই জমি দেয়নি। 'নির্দিষ্ট গোষ্ঠীকে' খুশি করতেই তারা জমি দেয়নি। এর ফলেই দেশের বড় বিপদ হয়ে গিয়েছে। অনুপ্রবেশের সমস্যা বেড়েছে। আর সেই পরিস্থিতির সমাধান করতে এগিয়ে এসেছে বিজেপি। তাদের পক্ষ থেকে সরকার গঠনের পরই জমি দিয়ে দেওয়া হল।   

     
  • Link to this news (আজ তক)