• তীব্র গরমের মাঝেই শান্তির বৃষ্টির পূর্বাভাস, আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আপডেট
    আজ তক | ২১ মে ২০২৬
  • সকাল থেকেই ভ্যাপসা গরম। একটু হাঁটলেই ঘেমে নেয়ে স্নান করে যাওয়ার অবস্থা! আর দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি এখনই কাটার নয় বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের দাবি, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে স্থায়ী সমাধান মেলার সম্ভাবনা আপাতত নেই। 

    মাথায় রাখতে হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি। ওদিকে আবার পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এটির উচ্চতা ০.৯ কিমি। এর ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। আর্দ্রতাজনিত কারণে বাড়ছে অস্বস্তি। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। যদিও এখনই গরম থেকে রেহাই মেলার আশা প্রায় নেই। দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি থাকতে পারে ভ্যাপসা গরম। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দাবদাহ বাড়বে। সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। 

    আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
    দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ অস্বস্তি বজায় থাকবে। আর্দ্রতাজনিত কারণে প্রচুর ঘাম হওয়ার সম্ভবনা রয়েছে। যদিও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে গরম বাড়তে পারে। শুক্রবার বর্ধমান এবং পুরুলিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার প্রবল সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
    তীব্র গরমে কলকাতাবাসীর হাল খারাপ। পাখা বা এসির থেকে দূরে সরলেই তরতর করে ঘাম হচ্ছে। আর এমন পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার নেই বলেই অনুমান হাওয়া অফিসের। 

    মাথায় রাখতে হবে, বুধবার সন্ধ্যায় কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তাতে রাতে কিছুটা ঠান্ডা হওয়া বয়েছে। কিন্তু খুব একটা লাভ হয়নি। বরং সকাল থেকেই আবার তুঙ্গে উঠেছে অস্বস্তি। আর বৃহস্পতিবার মোটামুটি এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। 

    উত্তরবঙ্গে কী হাল হবে? 
    দক্ষিণবঙ্গের একবারে উল্টো পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে। সেখানে একাধিক জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারও এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিন ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

     
  • Link to this news (আজ তক)