• বিদ্রোহী এডিএমকে বিধায়কদের মন্ত্রিত্ব নয়, শরিকি চাপে জানাল বিজয়ের টিভিকে
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের বিজয়ের টিভিকে জোট সরকারে মন্ত্রিত্ব দেওয়া হবে না। জানিয়ে দিল তামিলনাড়তে সদ্য ক্ষমতায় আসা টিভিকে। শরিক ভিসিকে, বামেদের সমর্থনে সরকার চালাচ্ছেন বিজয়। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে বিজয়কে সমর্থন করেন বিদ্রোহী এআইএডিএমকে বিধায়করা। আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণে এর পুরস্কার হিসাবে তাঁদের মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা ছড়ায়। সঙ্গে সঙ্গে শরিক ভিসিকে ও সিপিএম কড়া অবস্থান নেয়। জানিয়ে দেয়, এমন হলে তারা সমর্থন তুলে নেবে। এই প্রেক্ষাপটে দলছুট এআইএডিএমকে এমএলএ-দের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জল্পনা ওড়াল টিভিকে।

    ভিসিকে প্রধান থোল তিরুমাভালাভান বলেন, “দিনকয়েক আগেই আমি বলে দিয়েছি, টিভিকে বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ক গোষ্ঠীকে সাদরে মন্ত্রিসভায় জায়গা দিলে আমরা সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি। যদিও টিভিকের তরফে ভিসিকে আশ্বাস পেয়েছে, এমন কোনও ভাবনা এআইএডিএমকে নেই। টিভিকে আমাদের জানিয়ে দিয়েছে, বিদ্রোহীদের ক্যাবিনেটে কোনও জায়গা হবে না।” সূত্রের খবর, সিপিএমও একই অবস্থান নিয়েছে। বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের নিয়ে আনুষ্ঠানিক ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে তাদের আপত্তি আছে।

    এদিকে বিজয় মন্ত্রিসভা সম্প্রসারণে শরিক কংগ্রেসের দুটি দপ্তর পাওয়ার প্রবল জল্পনার মধ্যে বুধবার সন্ধ্যায় জানা গেল, রাজেশ কুমার ও পি বিশ্বনাথন–হাত শিবিরের বিধায়কদ্বয় মন্ত্রী হিসাবে আগামীকাল শপথ নিচ্ছেন। দীর্ঘ ৫৯ বছরের ব্যবধানে কংগ্রেস তামিলনাডু মন্ত্রিসভায় সামিল হল। এআইসিসি সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল এক্স পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমাদের কাছে এটা ঐতিহাসিক ব্যাপার।

    তামিলনাড়ু বিধানসভায় এবার কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৫। ডিএমকে জোটে থেকে ভোটে লড়ে ফল বেরনোর পর কংগ্রেস বিজয়ের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। টিভিকে সাধারণ সম্পাদক আদভ অর্জুনা জানিয়েছেন, শরিকদের সঙ্গে দপ্তর বণ্টনের ব্যাপারে টিভিকে-র আলোচনার দরজা খোলা। রাজনৈতিক মহলের খবর, বিধানসভা ভোটের ফলের পরিপ্রেক্ষিতে শরিকদের চাপ সামলে সমর্থনের ভিত জোরদার করার ভাবনা রয়েছে টিভিকে-র। আদভ জানান, বিজয় সামাজিক ন্যয়ের পক্ষে থাকা দলগুলিকে, বিশেষত কংগ্রেস, মন্ত্রিসভায় জায়গা দিতে চাইছেন। কংগ্রেসকে মন্ত্রিসভায় শামিল হতে তিনি পীড়াপীড়ি করেছিলেন বলেও দাবি করেন আদভ। এছাড়া বামেদের বাইরে থেকে সরকারকে সমর্থনের সিদ্ধান্তকে টিভিকে সম্মান করে, কিন্তু ভিসিকে ও আইইউএমএলকে সরকারে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান তিনি।

    ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেন বিজয়। ৯ মন্ত্রীও শপথ নেন তাঁর সঙ্গে। সূত্রের খবর, বিজয় মন্ত্রিসভার আয়তন বেড়ে প্রায় ৩৪ হতে পারে। শরিকি দায়বদ্ধতা পূরণ ও জাতপাত-আঞ্চলিক সমীকরণ মাথায় রেখে অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরই টিভিকে হাতে রাখতে পারে।
  • Link to this news (প্রতিদিন)