• এলাকার তস্য গলিও পরিচ্ছন্ন রাখায় জোর দেবে বিজেপি সরকার
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুই রাজপথ নয়। পরিচ্ছন্নতা রক্ষায় এবার রাজ্যের গলিপথেও সমান নজর দেবে বিজেপি সরকার। দিনে দু’বার করে পরিষ্কার হবে বাংলার বিভিন্ন রাজপথ থেকে অলিগলি। এরই পাশাপাশি রাজ্যকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার উদ্যোগও নিচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। এমনকি পথ রুদ্ধ করতে পারে এমন কোনো বর্জ্য পদার্থও নর্দমায় ফেলা যাবে না। স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা রক্ষায় বাংলাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে বিজেপি সরকার। প্রশাসনিক মহলের আলোচনা থেকে জানা যাচ্ছে, শীঘ্রই এব্যাপারে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি সচিব পর্যায়ের বৈঠকও হতে পারে। 

    মঙ্গলবারই দিল্লিতে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর। প্রধানত দেশের আর্বান, অর্থাৎ শহুরে এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের প্রসার ও অগ্রগতি নিয়েই সেই বৈঠকে আলোচনা হয়েছে। মঙ্গলবারের বৈঠকে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারও। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টরের প্রায় ৩০ মিনিট আলাদা বৈঠকও হয়। সরকারি সূত্রের খবর, স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা নিয়ে বাংলার উপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মোদি সরকারের অভিযোগ, কেন্দ্রের ডাকা প্রায় কোনো বৈঠকেই দীর্ঘদিন যোগ দেয়নি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার। কেন্দ্রীয় সরকারের আমলারা বিভিন্ন সময় রাজ্যের সচিব পর্যায়ে যোগাযোগের চেষ্টা করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেভাবে সাড়াই পাওয়া যায়নি। এর ফলে সার্বিকভাবেই ‘কমিউনিকেশন’ বাধাপ্রাপ্ত হয়েছে। ডবল ইঞ্জিন সরকার হওয়ায় এবার বাংলায় যাবতীয় বাধা বিপত্তি কাটবে বলেই মনে করা হচ্ছে। সেইমতোই পশ্চিমবঙ্গ জুড়েই স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা ঢেলে সাজার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রে জানানো হয়েছে, শহরের প্রধান রাস্তাগুলি পরিষ্কার করতে গিয়ে অনেক সময়ই অবহেলিত হয়ে পড়ে এলাকার অলিগলি। অথচ সেগুলিরও বহুল ব্যবহার হয়। তাই সর্বস্তরেই পরিচ্ছন্নতার বন্দোবস্ত করতে চলেছে রাজ্য।
  • Link to this news (বর্তমান)