মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম দিল্লি সফর শুভেন্দুর
বর্তমান | ২১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার দিল্লি আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির একটি সূত্রে জানানো হয়েছে, দুর্গাপুরের কর্মসূচি সেরে আজ রাতেই শুভেন্দুবাবু দিল্লিতে পৌঁছবেন। রাজ্যে পালাবদলের পর এটিই হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম দিল্লি সফর। কাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রে অবশ্য শুভেন্দুবাবুর এহেন সাক্ষাৎকে ‘প্রোটোকল’ বলেই উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ, রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দলীয় রীতি মেনে দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এদিকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী সহ মোদি সরকারের শীর্ষ নেতা-মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ব্যাপারেও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার দিল্লিতে এসে শুভেন্দুবাবু কোথায় উঠবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনের দু’টো বিল্ডিং রয়েছে। জানা যাচ্ছে, দুই বঙ্গভবনেই মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘর প্রস্তুত রাখা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট কমিশনারের যে সোশ্যাল মিডিয়ার ডিসপ্লে-পিকচারে বিশ্ববাংলার লোগো পালটে অশোক স্তম্ভের লোগো দেওয়া হয়েছে।