নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডিএমকের পরাজয়। তৃণমূলের পরাজয়। এমনিতেই একসঙ্গে দুই ইন্ডিয়া জোটের সরকারের পতন ঘটায় বিজেপি বিরোধী জোট আরও দুর্বল হয়েছে। তার মধ্যেই মহারাষ্ট্র থেকে এসেছে দুঃসংবাদ। এবার শারদ পাওয়ারের মুখে উলটো সুর। নরেন্দ্র মোদির বন্দনা করে ইন্ডিয়া জোটের মধ্যে সংশয় ও আশঙ্কার জন্ম দিয়েছেন পাওয়ার। একদিকে যেখানে রাহুল গান্ধী মঙ্গলবার এবং বুধবার দফায় দফায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন, সেখানে আচমকা অবিকল বিজেপির সুরেই মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে শারদ পাওয়ার মন্তব্য করেছেন, দেশের গৌরব বৃদ্ধি করছেন প্রধানমন্ত্রী।
পাওয়ারের বক্তব্য, জাতীয় স্বার্থ রাজনীতিরও ঊর্ধে। বিশ্বজুড়ে অস্থির সময় চলছে। এরকম সময় ভারতবাসীর কর্তব্য পালন করা জরুরি। শারদ পাওয়ার বলেন, আমাদের নীতি ও রাজনৈতিক আদর্শ ভিন্ন। কিন্তু মোদিজি দেশের জন্য কাজ করছেন এটা নিয়ে সংশয় নেই। দেশের ভাবমূর্তি সবথেকে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর বিদেশসফর নিয়ে সমালোচনা করা উচিত নয়। ইন্দিরা গান্ধী, নরসিমা রাও, মনমোহন সিং সকলেই দেশের জন্য কাজ করেছেন। তাদের জন্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মোদি ঠিক একইরকম কাজ করছেন। পাওয়ারের এই মোদি বন্দনায় রাজনৈতিক জল্পনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রশ্ন উঠছে, মহারাষ্ট্রে কি তাহলে এনডিএ আবার এক জোট শরিক পাচ্ছে? নচেৎ হঠাৎ পাওয়ার ঠিক
রাহুল গান্ধীর বিপরীত অবস্থান কেন নিচ্ছেন? মোদির বিদেশসফর নিয়ে রাহুল গান্ধী খড়্গহস্ত। আর পাওয়ার এই অবস্থানের বিরুদ্ধে।