• উত্তরপ্রদেশে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণ, ধৃত তিন
    বর্তমান | ২১ মে ২০২৬
  • লখনউ: নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার ৩। উত্তরপ্রদেশে মোহাবা জেলার এই ঘটনায় রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব  বিরোধীরা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাকে ১৬ দিন ধরে আটকে রেখে নির্মম অত্যাচার চালানো হয়েছে। 

    ঘটনা গত ৩০ এপ্রিলের। ওইদিন উত্তরপ্রদেশের মোহাবা জেলায় নিখোঁজ হন বছর পঁচিশের এক তরুণী। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার বাসিন্দা ওই তরুণী ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) এর প্রস্তুতির জন্য মোহাবায় থাকতেন। অভিযোগ, রাস্তা থেকে কয়েকজন যুবক তাঁকে জোর করে গাড়িতে তোলে। কিছুক্ষণের মধ্যেই মাদক মেশানো ওষুধের ইনজেকশন দেওয়া হয় তাঁকে। গাড়িতেই শুরু হয় অত্যাচার। নির্যাতিতার বয়ান অনুযায়ী, নির্জন জায়গায় নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখা হয় তাঁকে। সেখানে লাগাতার গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, ছুরির আঘাত সহ নানাভাবে অত্যাচার চালানো হয়েছে তাঁর উপর। গত ১৩ মে তাঁকে প্রয়াগরাজ নিয়ে যাওয়া হয়। সেখানে মোহিত নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। নির্যাতিতা বাধা দিলে খুনের হুমকিও দেওয়া হয়। উল্লেখ্য, এই মোহিত মধ্যপ্রদেশে নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা। মোহিত ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। দাবি, অপহরণ-গণধর্ষণ সহ যাবতীয় অত্যাচারের নেপথ্যে প্রধান ভূমিকা ছিল তাদের।  গত ১ মে তরুণীর মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত ১৬ মে প্রয়াগরাজ থেকে উদ্ধার করা হয় নির্যাতিতাকে। এএসপি বন্দনা সিং জানান, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। যার ভিত্তিতে এই ঘটনায় আরও কয়েকজনের নাম সামনে এসেছে। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)