• ‘অসম মডেল’-এ চা শিল্পকে পুনরুজ্জীবিত করার বার্তা মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ২১ মে ২০২৬
  • তারক চক্রবর্তী, শিলিগুড়ি: চা শিল্পের বিস্তারে ‘অসম মডেল’কে দেখে উন্নয়নের কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার শিলিগুড়িতে পাঁচ জেলাকে নিয়ে হওয়া প্রশাসনিক বৈঠকের পরে এমনটাই জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তাঁদের দাবি, উত্তরবঙ্গ চা বাগানে ঘেরা। সেই কারণে এই শিল্প এবং এর সঙ্গে যুক্ত শ্রমিকদের উন্নয়নে আরও দ্রুত পদক্ষেপ করা হবে। 

    বিধায়ক ও সাংসদের দাবি, টি বোর্ডের চেয়ারম্যানকে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তারা যেন অসমে গিয়ে সেখানকার কাজ দেখেন। সেখানে চালু প্রকল্প আমাদের রাজ্যে বাস্তবায়িত করতে কী সমস্যা হতে পারে তাও তাঁদের দেখে আসতে বলেছেন। এছাড়াও চা শ্রমিকদের মানোন্নয়নের জন্য নতুন শ্রম আইন আমাদের রাজ্যের চা বাগানগুলিতে লাগু করা হবে। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের চা শ্রমিক যোজনা দ্রুত বাগানে চালু করা হবে। 

    মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রথম প্রশাসনিক বৈঠকে চা শিল্পকে নিয়ে এতটা গুরুত্ব দেওয়ায় এই শিল্পে ইতিবাচক পদক্ষেপ দেখছে সংশ্লিষ্ট মহল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতেও ইচ্ছুক চা শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিগত দিনে টি বোর্ড গঠিত হলেও তার কার্যক্ষমতা তাঁরা কিছুই দেখেননি। এমনকী, চা শিল্পের সঙ্গে যুক্ত মালিকপক্ষের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে তৈরি হওয়া বিভিন্ন বোর্ডের সদস্য পর্যন্ত ছিলেন না। কাজেই সমস্যা পুরোপুরিভাবে নিরসন করা সম্ভব হয়নি। 

    এই প্রসঙ্গে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উত্তরবঙ্গ শাখার সম্পাদক সুমিত ঘোষ বলেন, আমরা মুখ্যমন্ত্রীর এই চা শিল্পকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট আশাবাদী। নানা সময়ে একাধিক সমস্যা বিভিন্ন জায়গাতে বলেছি কিন্তু কোনো সুরাহা পাইনি। এবারে মুখ্যমন্ত্রী চাইলে আমরা তাঁর সঙ্গে সামনাসামনি বৈঠক করে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। 
  • Link to this news (বর্তমান)