• জিটিএ’তে দুর্নীতি! তদন্ত শীঘ্রই
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ’র দুর্নীতি নিয়ে তদন্ত করার জন্য এবারে তদ্বির করবেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজ বিস্তা। বুধবার শিলিগুড়িতে মিনি সচিবালয় উত্তরকন্যায় বসে সাংবাদিকদের একথা জানান এমপি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ের বিধায়কদের জিটিএ পরিচালিত পুরসভাগুলিতে নজর রাখতে বলেছেন। পাশাপাশি এই বিষয়ে রাজ্য সরকারের তরফে কড়া নজরদারি চলবে। 

    সাংসদ বলেন, জিটিএ’র অন্দরে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। নিয়োগ দুর্নীতির পাশাপাশি কাটমানি থেকে শুরু করে প্রায় প্রতিটি বিষয়েই দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে ওই প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকে এনিয়ে সরব হন। তাছাড়া বর্ষা মিটতেই দার্জিলিং, কার্শিয়াং কালিম্পং পুরসভার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। তার আগে প্রত্যেক বিধায়ক এবং সাংসদকে বেশি করে ওই সকল পুরসভার সহ জিটিএ’র সর্বস্তরে নজরদারি রাখতে বলা হয়েছে। কলকাতায় গিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সমস্ত আর্থিক দুর্নীতি সম্পর্কে তথ্য তুলে ধরবেন বলে দাবি করেন সাংসদ। 

    এদিন তিনি বলেন, জিটিএ’র অন্দরে একাধিক দুর্নীতি হয়েছে। সকল তথ্য আমি খুব শীঘ্রই কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানিয়ে দেব। তার আগে জিটিএ’র ওপর খুব কাছে থেকে কড়া নজরদারি চালানোর জন্য পাহাড়ের তিন বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে। 

    যদিও সাংসদের দুর্নীতি তত্ত্বকে একেবারেই মানতে নারাজ জিটিএ কর্তৃপক্ষ। তাদের দাবি যে কোনোরকম তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হতে তারা রাজি। এই বিষয়ে জিটিএ’র মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, আমাদের জিটিএ নিয়ে যেকোনো ধরনের তদন্ত প্রক্রিয়াকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। কোথাও কোনো অনৈতিক কাজ হয়নি। এখনও পর্যন্ত যেসব কাজ জিটিএ করেছে সবটাই স্বচ্ছতার সঙ্গে করেছে। প্রয়োজনীয় নথিপত্র আছে।
  • Link to this news (বর্তমান)