• ফুলিয়ায় পাট্টা কাণ্ড: তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
    বর্তমান | ২১ মে ২০২৬
  • সংবাদদাতা, রানাঘাট: জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের কাছে টাকা নেওয়ায় প্রতারণার অভিযোগ উঠল ফুলিয়ার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে দলের ব্লক সভাপতি উৎপল বসাকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে গিয়েছে ফুলিয়া এলাকায়। প্রতারণার শিকার হয়ে ক্ষোভে ও অপমানে তৃণমূল ব্লক সভাপতির বাড়ির সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এলাকারই একজন গৃহবধূ। অভিযোগকারী ওই গৃহবধূর নাম মঙ্গলী পত্রনবিশ। তাঁর স্বামীর নামনন্দন পত্রনবিশ। মঙ্গলীদেবী ফুলিয়ার কলোনি এলাকার বাসিন্দা।

    পাশাপাশি বৈভব বণিক নামে আরও একজন এদিন অভিযোগ করেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত প্রাক্তন প্রধান উৎপল জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করে দেওয়ার জন্য তাঁর থেকে প্রায় ৮০ হাজার টাকা নিয়েছিল। তারপর কাজ করে দেওয়া দূরে থাক এত বছর হয়ে গেলও এক টাকাও ফেরত দেয়নি। টাকা ফেরত চাইলে ওই তৃণমূল নেতা মেজাজ দেখাত।

    এলাকারই বাসিন্দা দেবাশিস গঙ্গোপাধ্যায় জানান, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ওই তৃণমূল নেতার বাড়ির সামনে এক মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করেন। আর তখন তৃণমূল ব্লক সভাপতি ‘যা পারবি করে নিস’ বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আমি সেখানে দাঁড়ালাম। তারপর দেখি ওই মহিলা তার ব্যাগ থেকে কেরোসিন তেলের বোতল বের করে নিজের গায়ে ঢালছেন। তারপর দেখি ব্যাগের থেকে দেশলাই বের করেন গায়ে আগুন দেওয়ার উদ্দেশ্যে। আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তাঁর হাত থেকে দেশলাই কেড়ে নিই। তারপর এলাকার লোকজনকে ডেকে, ফুলিয়া-ফাড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়। আমরাও তাঁর সঙ্গে সঙ্গে থানায় যাই।

    প্রতারিত ওই মহিলা জানান, সরকারি জমির পাট্টা দেওয়ার টোপ দিয়েছিলেন ফুলিয়ার তৃণমূলের ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা ব্লক সভাপতি। পাট্টা পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় ওই তৃণমূলের নেতা। কিন্তু, দীর্ঘদিন কেটে গেলেও পাট্টা মেলেনি। উল্টে টাকা ফেরত চাইলে ওই নেতা তাদের হুমকি ও গালিগালাজ করে বলে তাঁর অভিযোগ। দীর্ঘদিন ধরে চাওয়ার পরও টাকা ফেরত না পেয়ে প্রতারিত হয়ে ওই গৃহবধূ মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি বিষয়টি নিয়ে হেস্তনেস্ত করতে এসেছিলেন। কিন্তু, এদিন কোনো টাকা ফেরত না পেয়ে তিনি চরম পদক্ষেপ নিতে যাচ্ছিলেন। ওই গৃহবধূর স্বামী কলকাতায় দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি।

    বিষয়টি জানতে পেরে সরব হয় বিজেপি। বিজেপির ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য ডোনা বসাক জানান, ফুলিয়ার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান তথা ব্লক সভাপতি আগে ওড়না আয়রনের কাজ করতেন। ওই তৃণমূল নেতা কোনো কাজ করেন না। বহু লোককে ঠকিয়ে দুর্নীতি করে আজ তিনি প্রচুর টাকা ও গাড়ি, বাড়ির মালিক। তাঁর চলাফেরা ভিআইপিদের মতো। আমরা অসহায় ওই গৃহবধূর পাশে আছি। তাঁকে সবরকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব।

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা উৎপল বসাক। তিনি বলেন, রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। আমি এই বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেব।  ফুলিয়ায় পাট্টা দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা তৃণমূলের প্রাক্তন প্রধানের। প্রধানের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)