• বৈদ্যবাটি পুরসভায় টাঙানো হল মোদি ও শুভেন্দুর ছবি, চুঁচুড়ায় বৈঠক বিধায়কের
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পালাবদলের পর এবার পুরসভায় বসল প্রধানমন্ত্রী ও নতুন মুখ্যমন্ত্রীর ছবি। স্থানীয় বিজেপি বিধায়ক নিজে হাতে সেই ছবি দেওয়ালে টাঙালেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুর চেয়ারম্যানও। পালাবদলের পালা দেখলেন সাবেক শাসকদলের কাউন্সিলার থেকে পুরকর্মীরা। বুধবার হুগলির বৈদ্যবাটি পুরসভায় এই ঘটনা ঘটেছে। তাৎপর্যপূর্ণভাবে, পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতর ঘর থেকে প্রয়াত জননেতা, সাংসদ আকবর আলি খোন্দকারের একটি ছবি সরিয়ে দেওয়া হয়েছে। নিজে হাতে তা সরিয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ সিং। তাতে আক্ষেপ করেছেন খোদ চেয়ারম্যানও। তবে তাঁর খেদোক্তি, সরকার বদল হয়েছে। ফলে বিধায়ক যেভাবে বলবেন, সেভাবেই চলতে হবে।

    এদিন চুঁচুড়ার পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেছেন আরেক বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি পুরসভায় গিয়ে ওই বৈঠক করেন। প্রত্যাশিতভাবে এদিন চুঁচুড়া পুরসভার ভুতুড়ে কর্মীবহর নিয়ে প্রশ্ন উঠেছে। বিধায়ক পরে দাবি করেছেন, কাজ না করে মজুরি নেওয়ার গল্প এবার বন্ধ। সুবীরবাবু বলেন, পুর পরিষেবার মান উন্নত করতে হবে। একগুচ্ছ সমস্যা আছে, সমাধান করতে হবে। এই কাজে আমি কী ভূমিকা পালন করতে পারি, সেই বিষয়টিই জানতে এসেছিলাম। পাশাপাশি, কোনো অনিয়ম যাতে না হয়, তা নিয়ে সতর্ক করেছি পুর প্রতিনিধিদের। বৈদ্যবাটি পুরসভার তৃণমূল চেয়ারম্যান পিন্টুবাবু বলেন, চাঁপদানির বিজেপি বিধায়ক এসেছিলেন। তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আমার ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছেন। তাঁরা এখন ক্ষমতায় এসেছেন। ফলে, তাঁদের কথা শুনতে হবে। আকবর আলি খোন্দকাররের ছবি প্রসঙ্গে বলেন, ওটা একটু হতাশার। আমি আপত্তি করেছিলাম। আকবরদা সর্বজন প্রিয় নেতা ছিলেন। কিন্তু বিধায়ক বললেন, আকবরদার ছবি যেন পার্টি অফিসে রাখা হয়। পুর পরিষেবা নিয়ে কিছু আলোচনা হয়েছে। চাঁপদানি বিধানসভার অধীনেই রয়েছে বৈদ্যবাটি পুরসভা। চাঁপদানির বিধায়ক দিলীপ সিং পরে বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা সবাই চলছি। সমস্ত সরকারি প্রতিষ্ঠান চলছে। সেখানে তাঁদের ছবি থাকাটাই বাঞ্ছনীয়। এ বিষয়ে পুর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তাঁর উপস্থিতিতেই ছবি টাঙানো হয়েছে। আকবরদাকে আমিও শ্রদ্ধা করি। কিন্তু তিনি একটি দলের নেতা, সাংসদ ছিলেন। তাই তাঁর ছবি পার্টি অফিসে থাকাই সঠিক হবে। সেটাই বলেছি। পুর পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু কাজ করতে হবে। সেবিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। আমরা একসঙ্গে কাজ করব।

    রাজ্যে পালাবদলের পর থেকে পঞ্চায়েত, পুরসভাগুলিতে হাজির হতে শুরু করেছেন বিজেপির বিধায়করা। কোথাও দেওয়া হয়েছে অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি, তো কোথাও একসঙ্গে চলার বার্তা। তারই মধ্যে বুধবার ‘ছবি বদল’ নতুন আবহ তৈরির ইঙ্গিত দিয়েছে। 
  • Link to this news (বর্তমান)