নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মারধর ও তোলাবাজির পৃথক অভিযোগে আগেই বাগুইআটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দু’জন কাউন্সিলারকে। এবার সল্টলেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলার রঞ্জন পোদ্দার। তিনি বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পুর জনপ্রতিনিধি এবং ৪ নম্বর বরোর চেয়ারম্যান। রঞ্জন প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাজ্যে পালাবদলের পর মাত্র পাঁচদিনে বরো চেয়ারম্যান সহ বিধাননগর পুরসভার তিনজন তৃণমূল কাউন্সিলার গ্রেপ্তার হলেন। উল্লেখ্য, প্রোমোটারকে মারধরের ঘটনায় বাগুইআটিতে গ্রেপ্তার হয়েছেন অমিত চক্রবর্তী ওরফে ননী। পুলিশ জানিয়েছে, ধৃত ননী বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেক করুণাময়ী এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে রঞ্জনের বিরুদ্ধে। অভিযোগে দায়ের হওয়ার পরই বুধবার বিধাননগর উত্তর থানার পুলিশ রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে ওই তোলাবাজির ঘটনায় তাঁর সহযোগী রাণা হালদারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রাণার বাড়ি বাগুইআটিতে। সল্টলেকে অপর একটি তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ সৌমিক দাস ওরফে রাজা এবং বিজয় রাজবংশী নামের আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা দু’জন সল্টলেকের এক মেয়র পারিষদের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। খোদ বরো চেয়ারম্যানের গ্রেপ্তারিতে শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সল্টলেকের আরও এক কাউন্সিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তার হতে পারেন তিনিও। প্রসঙ্গত, কিশোর হালদার নামে এক প্রোমোটারকে মারধরের অভিযোগে গত ১৫ মে গ্রেপ্তার হন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। ওইদিনই কিশোরবাবু অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই তোলাবাজির অভিযোগে গত ১৮ মে গ্রেপ্তার হন বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশোভন মণ্ডল ওরফে মাইকেল। বাগুইআটির এই দুই কাউন্সিলারই দেবরাজের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রোমোটারকে মারধরের ঘটনায় সমরেশের সঙ্গে হেমন্ত চৌধুরী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ মারধরের ঘটনায় এদিন দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমিত ওরফে ননীকেও গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে জেরা করা হবে। ওই মারধরের ঘটনায় বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।