নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, তার বিচার প্রক্রিয়া নিয়ে আইনি জট বহাল। গ্রুপ ডি কর্মী নিয়োগ কেলেঙ্কারির মূল বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও, নিম্ন আদালতের সিদ্ধান্তের কারণে গোটা প্রক্রিয়াটি আটকে রয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। তাদের দাবি, বিশেষ সিবিআই আদালত এই দুর্নীতি মামলার শুনানির কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না, যার জেরে থমকে রয়েছে কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণের কাজ। সিবিআইয়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের গাইডলাইন থাকা সত্ত্বেও নিম্ন আদালত গ্রুপ ডি মামলার এই চারটি এফআইআরের যৌথ বিচার প্রক্রিয়া শুরু করার আইনি অনুমোদন দিচ্ছে না। যে কারণে হাইকোর্টের দ্বারস্থ তারা।