• শিশুকন্যাকে ধর্ষণ-খুনের মামলায় সৎ বাবার বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ময়দান এলাকায় তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছিল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনার ৬১ দিনের মাথায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাসের এজলাসে ময়দান থানার তদন্তকারী অফিসার চামেলি সাহা এই চার্জশিট পেশ করেন। এই মামলায় সাক্ষী ছিলেন ১৩ জন। বর্তমানে অভিযুক্ত প্রেসিডেন্সি জেলে বন্দি। তার জামিনের আবেদন আগেই বাতিল হয়ে যায়। মামলার সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তাই জেল হেপাজতে রেখেই আমরা শুনানির আরজি জানাব। সে জামিন পেলে চম্পট দিতে পারে। তাতে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে।’ সরকারি কৌঁসুলি জানান, ‘প্রয়োজনে ধৃতের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে।’ আদালত সূত্রে জানা গিয়েছে, দু’মাস আগে এই নৃশংস ঘটনাটি ঘটে ময়দান থানা এলাকায়। শিশুকন্যাটি ময়দান চত্বরে খেলা করছিল। অভিযুক্ত সৎ বাবা তাকে তুলে নিয়ে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে ধর্ষণ করে হত্যা করে বলে অভিযোগ। মেয়েকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তার মা কান্নাকাটি শুরু করলে নজরে পড়ে ময়দান থানার টহলদারি ভ্যানের। পুলিশ তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। তবে অভিযুক্ত পালিয়ে যায়। শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সৎ বাবার বিরুদ্ধে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করেন। মাঝে দীর্ঘদিন অভিযুক্তকে খুঁজে পাচ্ছিল না। পুলিস মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে, সে ঝাড়খণ্ডে লুকিয়ে রয়েছে। সম্প্রতি ওই যুবক ময়দান চত্বরে আসে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে অভিযুক্তকে পাকড়াও করে।
  • Link to this news (বর্তমান)