• দৌড়ে পাঞ্জাব, মুম্বই, জামশেদপুরও, বহুমুখী লড়াই ঘিরে টানটান উত্তেজনা
    বর্তমান | ২১ মে ২০২৬
  • শিবাজী চক্রবর্তী, কলকাতা: সমর্থকদের ভিড়ে ইস্ট বেঙ্গল তাঁবু সরগরম। সাপের ল্যাজের মতো আঁকাবাঁকা লাইন সাতের দশকের উন্মাদনা মনে করাচ্ছে। পড়শি ক্লাব মোহন বাগানে টেনশনের চোরাস্রোত। শেষ ম্যাচের আগে গঙ্গাপাড়ের ক্লাবে আশা-আশঙ্কার দোলাচল। বিখ্যাত সবুজ লনে চা, টোস্ট সহযোগে চলছে জোর আলোচনা। বৃহস্পতিবার আইএসএলের যবনিকাপতন। তার আগে ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা। হয়তো নির্ঘুম রাত কাটাবেন অনেকেই। শেষ কবে এমন ফটোফিনিশের আবহ তৈরি হয়েছে? পরিসংখ্যানবিদরা ডায়েরির পাতা ওলটাতে ব্যস্ত। ফেডারেশনের বড়ো, মেজো, সেজো কর্তারা শহরে উপস্থিত। সূত্রের খবর, আইএসএল ট্রফিও রয়েছে কলকাতায়। যুবভারতী ও কিশোর ভারতীর মধ্যবর্তী স্থানে রাখা থাকবে ট্রফি। পরিস্থিতি বুঝে চ্যাম্পিয়ন দলের হাতে ম্যাচের পরেই ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার।

    ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের শীর্ষে ইস্ট বেঙ্গল। সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে অস্কার ব্রিগেড। কিশোর ভারতীতে ইন্টার কাশীকে বশ মানাতে পারলেই অধরা আইএসএল খেতাব জয়ের হাতছানি মিগুয়েলদের সামনে। কারণ, পয়েন্টের বিচারে একই বিন্দুতে থাকলেও গোল পার্থক্যে মশালবাহিনীর (১৮) চেয়ে অনেকটাই পিছিয়ে লোবেরা ব্রিগেড (১৩)। ম্যাচের আগে ক্যালকুলেটর নিয়ে অংক কষতে ব্যস্ত দু’দলের ড্রেসিং-রুম। শুধু গোল করলেই হবে না, দিল্লির বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিততে হবে মোহন বাগানকে। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। ইস্ট বেঙ্গল পয়েন্ট খোয়ালেই খেতাব জয়ের সোনার সুযোগ রবসনদের সামনে। এমনকী, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষীণ সুযোগ রয়েছে মুম্বই ও পাঞ্জাবেরও। বৃহস্পতিবার নয়াদিল্লির নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তারা। ১২ ম্যাচে এই দুই দলেরই পয়েন্ট ২২। অর্থাৎ মোহন বাগান ও ইস্ট বেঙ্গল পয়েন্ট খোয়ালে চ্যাম্পিয়নশিপের দরজা হাট করে খুলে যাবে তাদের সামনে। সেক্ষেত্রে পাঞ্জাব ও মুম্বই ম্যাচের বিজয়ী ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হতেই পারে। এখানেই শেষ নয়। ইস্পাতনগরীতে ওড়িশা এফসি’র বিরুদ্ধে নামছে জামশেদপুর (২১)। ৩ পয়েন্ট পেলে তাদেরও সুযোগ রয়েছে বৈকি। সেক্ষেত্রে কলকাতার দুই প্রধানকেই হারতে হবে। অন্যদিকে, মুম্বই বনাম পাঞ্জাব ম্যাচ ড্র হলে জামশেদপুরের কেল্লাফতে। সবমিলিয়ে শেষ ল্যাপে ভারতীয় ফুটবলের এক নম্বর টুর্নামেন্ট ঘিরে এই মুহূর্তে আকাশছোঁয়া উন্মাদনা। প্রতিটি ম্যাচই শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
  • Link to this news (বর্তমান)