ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করেছেন।
তবে বিচারপতি জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তিনি তদন্তে সহযোগিতা না করলে পুলিশ আদালতে তা জানাতে পারবে। বিচারপতি ভট্টাচার্য আরও জানিয়েছেন, অভিষেককে হেফাজতে নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করছে না। তবে, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না ডায়মন্ড হারবারের সাংসদ।
একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, কোনও রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যের অভিযোগ অনভিপ্রেত। বিচারপতির মন্তব্য, 'আজ যদি তাঁদের দল রাজ্যে ক্ষমতায় আসত তা হলে তাঁর এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটত তা ভেবে দেখুন। ২০২১ সালে ভোট পরবর্তী সংসার বিষয়টি মাথায় রেখেই এই কথা বলছি। তাঁকে তদন্তের মুখোমুখি হতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। ২০১১ সালে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে পরিবর্তন এনেছিলেন।'
গত ১৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয় অভিষেকের বিরুদ্ধে। একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে উস্কানি দেওয়ার অভিযোগও তোলা হয়।