আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম প্রশাসনিক বৈঠক করতে হাওড়ায় এলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তাঁর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা জুড়ে ছিল টানটান উত্তেজনা ও বিপুল উদ্দীপনা।
এদিন নির্ধারিত সূচি মেনেই সকাল ঠিক ১০টা ৩০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান রামকৃষ্ণ মিশনের বিশ্ব সদর দপ্তর বেলুড় মঠে। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সময় কাটান। মঠের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের আশীর্বাদ নেন এবং প্রসাদ গ্রহণ করেন। বেলুড় মঠ থেকে রওনা দিয়ে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় এসে পৌঁছায় হাওড়ার নিউ কালেক্টরস বিল্ডিংয়ে।
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে একঝলক দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই নব কালেক্টরেট ভবনের প্রবেশপথের দু’ধারে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে মানুষ।
সাধারণ মানুষের পাশাপাশি ফুল ও শুভেচ্ছাবার্তা হাতে উপস্থিত ছিলেন হাওড়া কোর্টের আইনজীবী, পুরকর্মী এবং স্বাস্থ্যকর্মীরাও। ভিড়ের চাপে কার্যত মানুষের ঢল নামে চত্বরে।
জনসাধারণের এই উচ্ছ্বাস দেখে মুখ্যমন্ত্রীও গাড়ি থেকে নেমে সাড়া দেন। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে তিনি মানুষের দেওয়া ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন। এই সুযোগে অনেকেই তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া নিয়ে লিখিত চিঠি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। তিনিও হাসিমুখে সাধারণ মানুষের সেইসব অভাব-অভিযোগের চিঠি সংগ্রহ করেন।
এরপর ঠিক ১২টা ২৫ মিনিট নাগাদ, অর্থাৎ পৌঁছানোর পাঁচ মিনিটের মধ্যেই তিনি জেলাশাসকের সঙ্গে পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে নিউ কালেক্টরস বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রীর এই প্রথম হাওড়া সফর এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ জেলা প্রশাসনের অন্দরে ও রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।