আজকাল ওয়েবডেস্ক: আরও একমাস পশ্চিমবঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও বেশ কিছুদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লিখেছিল রাজ্য সরকার। সেই আবেদন মঞ্জুর করেছে অমিত শাহের মন্ত্রক। আগামী ২০ জুলাই পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের তরফ থেকে ৫০০ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।
গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লেখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। চিঠিতে আবেদন করা হয়েছিল যে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরবর্তী সময়ে রাজ্যে রাজনৈতিক হিংসা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রাখা হোক। রাজ্য আরও আবেদন করেছিল যে, এই বছরের অক্টোবার পর্যন্ত বাহিনী থাকুক রাজ্যে। ২০ মে, বুধবার সেই চিঠির জবাব দিয়েছে মন্ত্রক। রাজ্যের আবেদনে সাড়া দেওয়া হয়েছে। রাজ্য যা চেয়েছিল তাতে সাড়া না দিলেও আগামী ২০ জুন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সায় দিয়েছে কেন্দ্র।
এই ৫০০ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ ২০০ কোম্পানি, ১৫০ কোম্পানি বিএসএফ, সিআইএসএফ ১৫০, আইটিবিপি ৫০ এবং ৫০ কোম্পানি এসসবি। রাজ্য সরকারকে বাহিনীর যাতায়াত এবং অন্যান্য সব ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। প্রায় ২৪০০ কোম্পানি মোতায়েন করা হয়েছিল রাজ্যে। সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভোটের লক্ষে এই পদক্ষেপ করা হয়েছিল। নিজেদের লক্ষ্যে সফল কমিশন।
নির্বাচনের প্রাক্কালে ধাপে ধাপে বাহিনী মোতায়েন করা হয়েছিল। এলাকা দখল, বুথ দখল, ভোটারদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র জওয়ানদের মোতায়েন করা হয়েছিল।
কমিশন এও জানিয়েছিল যে, ভোটপর্ব মিটে গেলেও সমস্ত বাহিনীকে ফিরিয়ে নেওয়া হবে না। ৫০০ কোম্পানি বাহিনী ভোট-পরবর্তী হিংসা দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্যেই মোতায়েন থাকবে। সেই আবেদনই করেছিল রাজ্য সরকার। সাড়া দিয়েছে কেন্দ্র।