• 'কোর্টে তোলা হবে না বাংলাদেশিদের, খাওয়া-দাওয়া করিয়ে সোজা...', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    আজ তক | ২১ মে ২০২৬
  • অনুপ্রবেশকারী ইস্যুকে এবারের ভোটপ্রচারে হাতিয়ার করেছিল বিজেপি। ক্ষমতায় এসেই বাংলাদেশি ইস্যুতে বড় পদক্ষেপ বিজেপি পরিচালিত রাজ্য সরকারের। রাজ্যের কোনও জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের আর আদালতে তোলা হবে না। সোজা তুলে দেওয়া হবে বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর হাতে।   

    আজ বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, 'গতকাল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আদালতে না পাঠিয়ে বর্ডারে বিএসএফ-এর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই আইন কার্যকর করা হয়েছে। পুলিশ কমিশনার ও আরপিএফকে বলা হয়েছে, CAA-র আওতায় পড়েন না এমন বাংলাদেশি ধরা পড়লে তাদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।' 

    মুখ্যমন্ত্রী আরও জানান, এই নিয়ে আরপিএফ ও রাজ্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। তারা নিজেদের মধ্যে সমন্বয় রেখে মুখ্যমন্ত্রীর দফতরকে রিপোর্ট দেবে। তাঁর কথায়, 'রাজ্য পুলিশ ও রেল পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের ভালো করে খাওয়া দাওয়া করিয়ে কোর্টে না পাঠিয়ে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। কতজন ধরা পড়ল বা অন্য সব তথ্য ডিজির মাধ্যমে সিএমও তে পাঠাতে হবে প্রতি সপ্তাহে।' 

    প্রসঙ্গত, কাদের অনুপ্রবেশকারী বলে ধরা হবে সেটাও বুধবার পরিষ্কার করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, 'যারা সিএএ-র অন্তুর্ভুক্ত নয়, তারা অনুপ্রবেশকারী। তাদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। তারপর তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে।' 
     
  • Link to this news (আজ তক)