• এবার মাদ্রাসাতেও গাইতে হবে ‘বন্দে মাতরম’, জারি নোটিস
    দৈনিক স্টেটসম্যান | ২১ মে ২০২৬
  • রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার সেই নিয়ম কার্যকর হতে চলেছে রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও। মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে সম্প্রতি জারি হওয়া একটি নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে রাজ্যের সরকারি, সরকারপোষিত এবং স্বীকৃত সমস্ত মাদ্রাসায় সকালবেলার প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, এই বিষয়ে পূর্বের সমস্ত নির্দেশ বা সিদ্ধান্ত বাতিল করে দ্রুত নতুন নিয়ম কার্যকর করার কথাও বলা হয়েছে।

    গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা হবে। এরপরেই শিক্ষাদপ্তর বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর এই বিজ্ঞপ্তির পরেই সমস্ত সরকারি এবং সরকারপোষিত স্কুলে এই রাষ্ট্রগীত বাধ্যতামূলক করা হয়। ইতিমধ্যেই সরকারি ও সরকারপোষিত বহু স্কুলে পঠনপাঠন শুরুর আগে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া হচ্ছে। এবার একই নিয়ম মাদ্রাসাগুলিতেও কার্যকর করা হচ্ছে।

    তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদের একাংশ এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেও বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বিকৃত ইতিহাস সংশোধনের এটাই উপযুক্ত সময়।‘ তাঁর দাবি, কেন্দ্রের পক্ষ থেকে আগেই এ ধরনের নির্দেশনা দেওয়া হলেও পূর্ববর্তী সরকার তা কার্যকর করেনি। বর্তমানে সেই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় সঠিক ইতিহাস ও জাতীয় চেতনার প্রসার ঘটবে বলে মত বিজেপি নেতৃত্বের।

    এছাড়াও বিজেপির অফিসিয়াল সমাজমাধ্যমে সরকারি বিজ্ঞপ্তি পোস্ট করে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা বহন করছে। বিজেপির বক্তব্য, তুষ্টিকরণের রাজনীতির পরিবর্তে সকলের জন্য সমান নীতি প্রয়োগ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)