• এসআইআর পর্বে ‘মৃত’ হয়ে শ্মশানযাত্রা! এবার গ্রেপ্তার সেই তৃণমূল কাউন্সিলর
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • মারধরের অভিযোগে হুগলি জেলার ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে’কে গ্রেপ্তার করল পুলিশ। ২০২৫ সালের ২৮ মে এক ব্যক্তিকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। আক্রান্ত সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করে ডানকুনি থানার পুলিশ। আজ তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।

    রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন শিরোনামে উঠে আসে তৃণমূল কাউন্সিলর সূর্য দে’র নাম। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন মৃত ও স্থানান্তরিত ভোটরদের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছিল সূর্যকে। তালিকা দেখার পর অনুগামীদের নিয়ে সোজা শ্মশানে চলে যান ওই কাউন্সিলর। এরপর সেখান থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে তিনি আবেদন জানান, তাঁর যেন সৎকার সম্পন্ন করার ব্যবস্থা করা হয়। এভাবেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। পরে তালিকায় ‘মৃত’ কিন্তু বাস্তবে জীবিতদের নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির নির্বাচন সদনে গিয়েছিলেন। সেই দলে ছিলেন কাউন্সিলর সূর্যও। যদিও পরে এসআইআর তালিকায় তাঁর নাম ওঠে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ২৮ মে ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজাকে বেধড়ক মারধর করেছিলেন সূর্য দে। কিন্তু সেই সময় প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে ভয় পান আক্রান্ত ব্যক্তি। সেই কারণে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সূর্যর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন সৌমিক। এই ঘটনায় বুধবার রাতেই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের প্রতিবাদে ডানকুনি থানায় গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার।
  • Link to this news (প্রতিদিন)