• এবার মাদ্রাসাতেও গাইতে হবে ‘বন্দে মাতরম’, ‘আর তোষণের রাজনীতি নয়’, বলছে বিজেপি
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • এর আগেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করেছে শুভেন্দু সরকার। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সে মতো রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় সকালবেলার প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরানো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এহেন নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।

    এই বিষয়ে গত বৃহস্পতিবারই বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বলেন, ‘আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে।’ এরপরেই শিক্ষাদপ্তরের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই বিজ্ঞপ্তির পরেই সমস্ত সরকারি এবং সরকারপোষিত স্কুলে এই রাষ্ট্রগীত বাধ্যতামূলক করা হয়। সেই মতো পঠনপাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হচ্ছে বন্দে মাতরম। এবার মাদ্রাসাতেও গাইতে হবে এই রাষ্ট্রগীত। যদিও এহেন নির্দেশিকা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হয়।

    সেই বিতর্ক আগেই উড়িয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ”বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়।” এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা জানান, কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। তবে মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। একইসঙ্গে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি পোস্ট করে অফিসিয়াল সমাজমাধ্যমে বিজেপি লিখছে, ”এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। আর তুষ্টিকরণ নয় বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য।”
  • Link to this news (প্রতিদিন)