• ‘জোর করে ধর্ম পরিবর্তন’, কাশ্মীরে গিয়ে কিশোরের নাম হলো ‘হামজা’! উদ্ধার করল যোগীর পুলিশ
    এই সময় | ২২ মে ২০২৬
  • উত্তরপ্রদেশের এক নাবালককে জম্মু-কাশ্মীরে নিয়ে গিয়ে জোর করে ধর্ম পরিবর্তন করানোর চাঞ্চল্যকর অভিযোগ। বিজনৌর জেলার ওই নাবালককে ইতিমধ্যেই কাশ্মীর থেকে সুরক্ষিত ভাবে উদ্ধার করে ফিরিয়ে এনেছে যোগী রাজ্যের পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    বিজনৌরের পুলিশ সুপার অভিষেক ঝা জানিয়েছেন, গত ১৮ মে (সোমবার) ওই নাবালকের বাবা কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ও ধর্মান্তরের অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্তে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে ওয়াসিম নামে এক ব্যক্তি ওই নাবালককে সালোঁর কাজ শেখানো এবং ভালো উপার্জনের টোপ দিয়ে কাশ্মীরে নিয়ে যায়। পরে সে বারামুলা ও কুপওয়ারায় কাজ করছিল।

    অভিযোগ, কাশ্মীরে ওই নাবালককে ক্রমাগত হুমকি দেওয়া হয় এবং চলতি বছরের ১৫ মে কুপওয়ারার এক মসজিদে নিয়ে গিয়ে তাঁকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। ধর্ম পরিবর্তনের পরে তার নাম বদলে রাখা হয় ‘হামজা’।

    সম্প্রতি এই ধর্মান্তকরণের বিষয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এর পরেই বিষয়টি নজরে আসে নাবালকের পরিবারের। অবিলম্বে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়ে এই বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি জানান। এর পরেই উত্তরপ্রদেশ পুলিশ এই বিষয়ে তৎপর হয়। জম্মু-কাশ্মীর পুলিশের সহযোগিতায় তল্লাশি চালিয়ে ওই নাবালককে উদ্ধার করে।

    বিজনৌর পুলিশ জানিয়েছে, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

  • Link to this news (এই সময়)