‘তুঘলকি সিদ্ধান্ত ফেডারেশনের’, লাইসেন্সিং প্রক্রিয়ায় ফেল করে রেগে লাল মোহনবাগান
এই সময় | ২১ মে ২০২৬
ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় ফেল করার পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) উপর ক্ষোভ উগরে দিল মোহনবাগান। তারা AIFF-এর নিয়ম নিয়েই প্রশ্ন তুলল। এমন কী এই নিয়মকে ‘তুঘলকি’ সিদ্ধান্ত বলে কটাক্ষও করেছে।
২০২৬–২৭ মরশুমের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় দেখা গিয়েছে, দেশের একাধিক বড় ক্লাবের আবেদন খারিজ হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে লাইসেন্স পায়নি কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান (Mohun Bagan SG) এবং মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং কমিটির বৈঠকের পর জানানো হয়, মোট সাতটি ক্লাবকে শর্তসাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে। এই ক্লাবগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ঘাটতি পূরণ করতে হবে।
কারা পাস করেছে পরীক্ষায়?
এই তালিকায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC), নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC), জামশেদপুর এফসি (Jamshedpur FC), মুম্বই সিটি এফসি (Mumbai City FC), বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), এফসি গোয়া (FC Goa) এবং পাঞ্জাব এফসি (Punjab FC)।
অন্যদিকে, ইস্টবেঙ্গল লাইসেন্স পেলেও সেটি পুরোপুরি শর্তহীন নয়। ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রশাসনিক ও আর্থিক শর্ত পূরণ করতে হবে।
ফেল করল কারা?
তবে এই দফায় লাইসেন্স পায়নি মোহনবাগান ও মহামেডান ছাড়াও ওড়িশা এফসি (Odisha FC), চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC), কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC), স্পোর্টিং ক্লাব দিল্লি (SC Delhi) এবং ইন্টার কাশী (Inter Kashi)।
এমেরির হাতে রূপকথার জন্ম, ৩০ বছরের খরা কাটল, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা
তবে ফেডারেশন জানিয়েছে, যে সব ক্লাব লাইসেন্স পায়নি তারা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। পাশাপাশি বিশেষ ছাড়ের আবেদন জানিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও চাইতে পারবে।
মোহনবাগানের প্রতিবাদ
মোহনবাগানের দাবি, তাদের লাইসেন্স দেওয়া হয়নি ২টি কারণের জন্য— ১) অনূর্ধ্ব-১০ দল নেই, এবং ২) পার্মানেন্ট কোনও নিরাপত্তা অফিসার না থাকার জন্য। মোহনবাগানের এক কর্তা বলেছেন, ‘অনূর্ধ্ব-১০-এর কোনও লিগ নেই, তবে কেন আমরা এই বয়সভিত্তিক দল করব? বাকি সব বয়সের দল রয়েছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘এত ছোট লিগের জন্য বাড়তি টাকা খরচ করে কেন পার্মানেন্ট কোনও নিরাপত্তা অফিসার রাখা হবে? একটি এজেন্সির মাধ্যমে নিরাপত্তা অফিসার রাখা হয়েছে, তাঁর নামও পাঠানো হয়েছিল ফেডারেশনকে, কিন্তু তিনি পার্মানেন্ট নন। ফেডারেশন এই ছোট লিগের জন্য একটু বেশি বাড়াবাড়ি করছে, একেবারে তুঘলকি সিদ্ধান্ত।’