বিধানসভা ভোটের আগে রথীন্দ্র বসুকে হেনস্থার অভিযোগে কোচবিহারের এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহার পুরসভার দু’নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনের আগের দিন রাতে প্রার্থী হিসাবে দু’নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান রথীন্দ্র বসু। সেই সময় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বর্তমান স্পিকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার প্রেক্ষিতেই এদিন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই গ্রেপ্তারিকে তৃণমূলের তরফে প্রতিহিংসার রাজনাীতি বলে দাবি করা হয়েছে।
প্রথম দফা নির্বাচনের আগে কোচবিহারের ২ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন রথীন্দ্র। সেই সময় তৃণমূল অভিযোগ তুলেছিল, বিজেপি প্রার্থী টাকা বিলি করতে এসেছিলেন। এরপরেই তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তরের নেতৃত্বে সেই বর্তমান বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তবে বিজেপির দাবি ছিল, অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন তিনি। টাকা দেওয়া বা প্রচারের কোনও বিষয় ছিল না বলেই জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে তৃণমূল নেতার নামে বিধায়ককে হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি কিছু জানেন না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।