• ফলতায় বেপাত্তা তৃণমূলের ‘পুষ্পা’, মুখ ঢেকে ভোট দিয়ে কী জানালেন জাহাঙ্গিরপত্নী?
    প্রতিদিন | ২২ মে ২০২৬
  • ২৯ এপ্রিলের ঠিক বিপরীত চিত্র ২১ মে! পুনর্নির্বাচনের ফলতা (Falta Repoll) একেবারে অন্য রূপে। বৃহস্পতিবার রীতিমতো উৎসবের মেজাজে ভোট দিলেন ফলতাবাসী। এমনকী ‘পলাতক’ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের স্ত্রীও দিলেন ভোট। এদিন জাহাঙ্গিরের বাড়ি, পার্টি অফিসের আশপাশ শুনশান হলেও রেজিনা বিবি বাড়ি থেকে বেরিয়েই গেলেন ভোট দিতে। সংবাদমাধ্যমের ক্যামেরা অবশ্য তাঁকে স্বামীর বিষয়ে প্রশ্ন করে। কিন্তু তিনি মুখ ঢেকে এড়িয়ে যান। এমন পরিবেশে ভোট দিতে পেরে ফলতাবাসী অত্যন্ত আনন্দিত। বলছেন, বহু বছর পর এভাবে ভোট দিতে পারলেন।

    ফলতায় পুনর্নির্বাচনের ঠিক দু’দিন আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের রহস্যময় ‘অন্তর্ধান’কে রাজনৈতিক মহল ‘পলায়ন’ বলেই ধরে নিয়েছিল। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, ৪ মে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই জাহাঙ্গিরের উপর চাপ বাড়ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বলে পরিচিত এই তরুণ নেতার অভিযোগ ছিল, তাঁকে স্থানীয় বিজেপি নেতারা নানারকম হুমকি দিচ্ছিল, প্রার্থীপদ প্রত্যাহারেও চাপ দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে প্রার্থী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিতে একাধিকবার ফোন করেন, কিন্তু অভিষেক তাঁর ফোন ধরেননি। ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করে পাননি বলে নিজের ঘনিষ্ঠদের জানান জাহাঙ্গির। এরপরই তিনি এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেন।

    গত ২৯ এপ্রিল ফলতায় ভোটের সময় নিজের পার্টি অফিসকে রীতিমতো ‘কন্ট্রোল রুম’ বানিয়ে জাহাঙ্গির আড়াল থেকে ভোট পরিচালনা করেছিলেন। চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মাকে। মাত্র কয়েকদিনের ব্যবধানে, বৃহস্পতিবার সেই সক্রিয়তা একেবারে শেষ! ভয়ে ভোটও দিতে এলেন না। যদিও জাহাঙ্গিরের প্রাসাদোপম বাড়ির সামনের বুথ শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর এলাকার স্কুলে বৃহস্পতিবার দুপুরে ভোট দেন তাঁর স্ত্রী রেজিনা বিবি। দুপুর ২টো নাগাদ মুখে মাস্ক, ছাতা, গামছায় মুখ ঢেকে বুথে যান। তাঁকে দেখতে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, জাহাঙ্গির খান কোথায়? কিন্তু রেজিনা বিবি এড়িয়ে যান। তবে এদিন ভোট শেষ হতেই জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। গেরুয়া আবির উড়ছে ফলতাজুড়ে।
  • Link to this news (প্রতিদিন)