• মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন! দিল্লিতে জরুরি অবতরণ, কী হলো যাত্রীদের?
    এই সময় | ২২ মে ২০২৬
  • মাঝআকাশে ওড়ার সময়েই আচমকা ককপিটে জ্বলে উঠেছিল ইঞ্জিনে অগ্নিকাণ্ডের লাল সঙ্কেত। আর তার জেরেই বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। অল্পের জন্য বড় মাপের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনাচক্রে, এ দিন এয়ার ইন্ডিয়ারই আরও একটি বিমানে বিপত্তি ঘটেছিল।

    এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে দিল্লিগামী ‘AI2802’ ফ্লাইটটি যখন দিল্লির আকাশে অবতরণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল (Final Approach), ঠিক তখনই ককপিটে পাইলট ও ফার্স্ট অফিসার বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার সঙ্কেত পান।

    পরবর্তী সময়ে সেই সঙ্কেত সত্যি বলেই প্রমাণিত হয়। তবে পাইলট ও ফার্স্ট অফিসার সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) মেনে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে দিল্লিতে জরুরি অবতরণ করান। উড়ান সংস্থাটি জানিয়েছে, ফ্লাইটটির সমস্ত যাত্রী ও কেবিন ক্রু সম্পূর্ণ সুরক্ষিত আছেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।

    এ দিন সকালেই বেঙ্গালুরু বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার অন্য একটি ফ্লাইট (AI2651) অবতরণের সময়ে রানওয়েতে ওই বিমানটির লেজের অংশ ঘষে যায়, যাকে ‘টেলস্ট্রাইক’ (Tailstrike) বলে।

    উড়ান বিশেষজ্ঞদের মতে, একটি বোয়িং ৭৪৭ বিমান ওড়ার ঠিক পরেই এই এয়ারবাস এ৩২১ মডেলের বিমানটি অবতরণ করে। ফলে রানওয়েতে Turbulence অর্থাৎ, বাতাসের একটা তীব্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এর জেরেই এই বিপত্তি ঘটে। যার জেরে বিমানটিকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। ওই বিমানটির দিল্লিতে ফেরার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

    একই দিনে এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানের এমন বিভ্রাটে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা নিয়ে। তবে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, DGCA একই দিনে এয়ার ইন্ডিয়ার এই জোড়া বিপত্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

  • Link to this news (এই সময়)