• ৩০ মে ডিএ বৈঠকে ডাকছেন মুখ্যমন্ত্রী, আশায় রাজ্য সরকারি কর্মীরা
    এই সময় | ২২ মে ২০২৬
  • বকেয়া ডিএ কবে মিলবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আশায় রয়েছেন সরকারি কর্মীরা। রাজ্যে নতুন সরকার আসার পরে সেই আশা আরও বেড়েছে। রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ডিএ নিয়ে কিছু আলোচনা হয় কি না তার দিকে নজর ছিল রাজ্য সরকারি কর্মীদের। ডিএ নিয়ে আলোচনা না হলেও, ওই বৈঠকে সপ্তম বেতন কমিশনে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। যা রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ডিএ বা বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, ৩০ মে অর্থাৎ শনিবার ওই বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে ওই বৈঠক হওয়ার কথা।

    এর আগে, ১৮ মে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সে দিন ডিএ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আজ আলোচনা হয়নি, অবশ্যই হবে। আজ এজেন্ডায় ছিল না।’

    ৩০ মে-র বৈঠক প্রসঙ্গে কী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়? তিনি বলেন, ‘রাজ্য সরকারের এক আধিকারিক ফোন করে বলেছেন ৩০ মে মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে আলোচনায় বসবেন। আমাদের সংগঠনের নাম, ই-মেইল, হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে পাঠিয়েছিলেন।’ তিনি আরও জানিয়েছেন, ডিএ মামলায় তিনটি সংগঠন ছিল। বাকি ২টি যে সংগঠন ছিল, তাদেরও নাম-তথ্য পাঠানোর কথা বলা হয়েছিল। সেটা তাঁরা পাঠিয়েছেন। মলয় বলেন, ‘আমরা এখনও কনফার্ম করছি না। নবান্ন থেকে যতক্ষণ না পর্যন্ত মেসেজ আসে, ততক্ষণ পর্যন্ত জানাচ্ছি না। হয়তো দু-একদিনের মধ্যে মেইল আসবে। তারপরেই আমরা সেটা জানাব।’

    তৃণমূল সরকারের আমল থেকে বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলন করছে একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। ডিএ-এর দাবিতে আদালতের চৌকাঠেও গিয়েছিল কর্মচারীদের সংগঠন। বার বার আদালতে সময় চেয়েছিল তৎকালীন সরকার। শেষ পর্যন্ত ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ডিএ সরকারি কর্মীদের আইনসিদ্ধ অধিকার। নির্দিষ্ট সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার জন্য নির্দিষ্ট গাইডম্যাপ তৈরির নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই ডিএ আগের রাজ্য সরকার দিয়ে যায়নি বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের।

  • Link to this news (এই সময়)