• ভূতের রাজার কাছে 'সেকেন্ড উইশ'! ব্যাপারটা কী ?
    eTV Bharat | ২১ মে ২০২৬
  • হায়দরাবাদ, 21 মে: ভূতের রাজা কি ফের একবার হাজির হচ্ছেন বর দিতে ? না এবার বর চাইতে তার সামনে গুপি-বাঘা নেই ৷ বর চাই রবি আর দুলুর ৷ কিন্তু কে এই রবি-দুলু ? কেনইবা তারা খোঁজ করছে ভূতের রাজার ? সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে পরিচালক প্রদীপ বিশ্বাস আনছেন নতুন সিনেমা 'সেকেন্ড উইশ' (Second Wish) ৷

    এসএস এন্টারটেনমেন্টের প্রযোজনায় দুর্নিবার মজুমদার, কৃষাণ নস্কর ও অধিরাজ গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিনেমার কাহিনি, সমাজের জটিল সত্যকে তুলে ধরে ৷ চিত্রনাট্য কিছুটা এই রকম -রবি আর দুলু একই ক্লাসে পড়ে। ক্লাসের বাকিরা পড়া পারলেও এই দুটো ছেলে সর্বদা পিছিয়ে থাকে। রবির বাবা ক্ষেতমজুরের কাজ করে পরিবারের জন্য দুবেলা পুষ্টিকর খাবার যোগাড় করতে ব্যর্থ আর দুলুর বিধবা মা লোকের বাড়ি কাজ করে দুলুর পেট ঠিকমতো ভরাতে পারেন না। রবি আর দুলুর মনে তাই সর্বদা খাবারের চিন্তাই ঘোরে।

    স্কুল মাস্টার তপনবাবু এদের শাসন করলেও মাঝেমধ্যে খাবার এনে দেন। তিনি বোঝেন, দুবেলা খেতে পেলে এরাও পিছিয়ে পড়তো না। এদিকে তপনবাবুর মেয়ে দিয়া ভালোবাসে টিউশন মাস্টার সজলকে। কিন্তু তপনবাবু চান না তার মেয়ের বিয়ে হোক চালচুলোহীন সজলের সঙ্গে। তিনি দিয়াকে পাত্রস্থ করতে চান রেলের অফিসার কেশবের সঙ্গে। এদিকে কেশবের বাবা-মায়ের চাহিদার যেন শেষ নেই। তপনের স্ত্রী রমা বারবার এই ব্যাপারে সাবধান করলেও একগুঁয়ে তপন জমি বিক্রি করে হলেও বড়লোক পাত্রের আবদার পূরণ করতে চান। মাঝে পড়ে মন ভেঙে যায় সজল আর দিয়ার।

    রবি আর দুলু ভূতের রাজার খোঁজ করে। ভূতের রাজার থেকে তারা ভালোমন্দ খেতে পাওয়ার বর চাইবে। কিন্তু ভূতের রাজা তো দেবেন দুটো বর। খাবার ছাড়া আর কী বা চাইবে তারা? তাদের ছোট মাথায় দ্বিতীয় বরটা অধরা থেকে যায়। তারা তাই তপনবাবুর কাছে জানতে চায় দ্বিতীয় বরটা কী চাওয়া উচিত। তপনের সঙ্গে পরামর্শ করে তারা ঠিক করে, তারা চাইবে এই পৃথিবীর সব শিশু যেন দুবেলা পেট ভরে খেতে পায়। এই কাহিনী আজ থেকে কুড়ি বছর আগেকার।

    ভূতের রাজা না হোক, সরকার মিড ডে মিল চালু করায় রবি-দুলুদের উইশ পূর্ণ হয়। ২০০৩ সালের পর থেকে স্কুলের সব শিশুরা মিড ডে মিল খেতে পায়। দুলুরা এখন মন দিয়ে পড়াশোনা করে। আজ স্কুল ছুটদের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। রবিরা এখন আর শিশু শ্রমিক হিসেবে শৈশব হারিয়ে ফেলে না। বিশ্ব খাদ্যসূচক বলছে ভারত 127টি দেশের মধ্যে 103 নম্বরে আছে। নম্বর যাই বলুক, আমরা উত্তরণের গল্প শোনাবো। বাংলার সজলরা একটা ভালো কাজ পাক, তারা যেন দিয়াদের হারিয়ে না ফেলে। এই নিয়েই এগিয়েছে সিনেমার গল্প ৷

    সিনেমায় সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন অঙ্কুর দত্ত ৷ 2012 সালে হরনাথ চক্রবর্তীর ছায়াময় সিনেমার হাত ধরে রূপোলি পর্দায় হাতেখড়ি অধিরাজ গঙ্গোপাধ্যায়ের ৷ তারপর তিনি 'কাদম্বরী', 'ধারাস্নান', 'গোয়েন্দা তাতার'-মতো সিনেমার কাজ করেছেন ৷ কাজ করেছেন 'মহানায়ক' সিরিয়ালে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের চরিত্রে কাজ করেন ৷ 'সৌদামিনীর সংসার' ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করেন অধিরাজ ৷ বর্তমানে কাজ করছেন 'কনে দেখা আলো' ধারাবাহিকে ৷

    এই 'সেকেন্ড উইশ' সিনেমা প্রসঙ্গে বলেন, " অনেকদিন পর বড়পর্দায় ফিরে ভালো লাগছে ৷ বিশেষ করে গ্রামের গল্প, এখানকার বাচ্চাদের বড় হওযার গল্প, কষ্টের জীবন, তারা কীভাবে সেটা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে, সেই গল্প আমার ভালো লেগেছে ৷ অনেক কষ্ট করে এই সিনেমা আমরা বানিয়েছি ৷ আশা করব, দর্শকরা এই সিনেমার পাশে দাঁড়াবে ৷"
  • Link to this news (eTV Bharat)