• ৭-এ ৭, দমদমে পুরুলিয়ার দাপট! মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের নজিরবিহীন সাফল্যে গর্বে বুক ভরছে জেলার
    News18 বাংলা | ২১ মে ২০২৬
  • পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্য স্তরের মুয়াই থাই কিক বক্সিং প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করলেন পুরুলিয়ার সাত যুবক। কলকাতার দমদমে অনুষ্ঠিত ১৭-তম রাজ্য স্তরের মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সকলেই পদক জিতে নজর কেড়েছেন। প্রতিযোগিতায় অসামান্য লড়াই করে অনিন্দা ঘোষ ও প্রীতম খাঁ স্বর্ণপদক জয় করেন। পাশাপাশি বিভিন্ন ওজন বিভাগে রুপোর পদক অর্জন করেন সুমন দত্ত, রাজেশ দত্ত, ত্রিদীপ মণ্ডল, সুমন দত্ত এবং কিরণ কুমার। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর পদক জয়কে ঘিরে খুশির আবহ তৈরি হয়েছে জেলাজুড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, পুরুলিয়া থেকে অংশ নেওয়া সাত জন প্রতিযোগীর প্রত্যেকেই পদক জিতে ফিরেছেন। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রশিক্ষক তথা জেলা অ্যাসোসিয়েশনের কর্ণধার মহারাজ সিং সর্দার।

    এ বিষয়ে তিনি বলেন, “২০১৭ সাল থেকে আমরা নিয়মিতভাবে ছেলেদের প্রশিক্ষণ দিয়ে আসছি। প্রতি বছরের মতো এবারও আমাদের শতভাগ সাফল্য এসেছে। ছেলেদের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। ছেলেরা অত্যন্ত পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও ওরা সাফল্য পাবে বলে আমরা আশাবাদী।”

    অন্যদিকে পদকজয়ী প্রতিযোগীদের বক্তব্য, “এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে। আমরা পরে জাতীয় স্তরে ভাল ফল করতে চাই। আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য।” পুরুলিয়ার এই সাফল্যে ক্রীড়ামহলে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়েছে। প্রত্যেক প্রতিযোগীই পদক জিতে জেলার ক্রীড়া মানচিত্রে নতুন গৌরব যোগ করেছে। জেলার যুবকদের এই কৃতিত্ব আগামী প্রজন্মকেও খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

    কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং অদম্য মানসিকতার জোরে এবার রাজ্য স্তরের মুয়াই থাই কিক বক্সিং প্রতিযোগিতায় বড় সাফল্য এনে দিলেন পুরুলিয়ার সাত যুবক। সীমিত পরিকাঠামো ও নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস ক্যাম্প এবং অনুশীলনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তারই ফল মিলেছে রাজ্য স্তরের এই প্রতিযোগিতায়।
  • Link to this news (News18 বাংলা)