• 27 লক্ষ মানুষের নাম দ্রুত ভোটার তালিকায় ফেরাতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে: নওশাদ
    eTV Bharat | ২২ মে ২০২৬
  • কলকাতা, 21 মে: ভোটার তালিকা থেকে যে 27 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, ট্রাইবুনালের মাধ্যমে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে আনা হোক ৷ বৃহস্পতিবার এই দাবি জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ একইসঙ্গে তাঁর বক্তব্য, এসআইআর-এর অধীনে থাকা 27 লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলি নীরব ভূমিকা নিয়েছে ৷ এই নীরবতা মানুষের ব্যাপক ক্ষতি করছে ৷ তাই এই 27 লাখ মানুষের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনতে দ্রুত প্রক্রিয়া শুরু করতে হবে ৷

    নওশাদ এদিন বলেন, "ভোটার তালিকা থেকে বাদ পড়া ভারতীয় নাগরিকদের নাম আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফের তালিকাভুক্ত করতে হবে ৷ কিন্তু সেই প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন ? বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এসআইআর নিয়ে বিস্তর কথা বলেছিল ৷ এর উদ্দেশ্য ছিল মানুষের মনে ভয় সৃষ্টি করা ৷ সেই ভয়কে কাজে লাগিয়ে ক্ষমতা বজায় রাখা ৷ কিন্তু নির্বাচনে তারা মাত্র আশিটি আসনে জয়লাভ করেছে ৷ এর মধ্যে 39টি আসনই সংখ্যালঘু অধ্যুষিত ৷ এতদিন তৃণমূল এভাবেই সংখ্যালঘুদের ভোট নিয়ে ক্ষমতা দখল করেছে ৷ কিন্তু মুসলিমদের জন্য কিছু করেনি ৷ সে কারণেই সংখ্যালঘুরা আজ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে ৷"

    নওশাদ আরও বলেন, "ভোটের অধিকার বাঁচান, গণতন্ত্র বাঁচান স্লোগানের উপর ভিত্তি করে আইএসএফ গঠিত হয়েছে ৷ এই বাংলায় মানুষের ভোটাধিকার রক্ষায় আমাদের আন্দোলন আরও গতি পাবে ৷ স্বৈরাচারী মনোভাব প্রতিরোধে এবং বাংলার জনগণের অবাধে ভোট দেওয়ার অধিকার বজায় রাখতে এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন ও বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যে কোনও মূল্যে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করতেই হবে ৷"

    বুলডোজার ইস্যুতেও এদিন নতুন রাজ্য সরকারের সমালোচনা করেন ভাঙড়ের বিধায়ক ৷ তিনি বলেন, "বাংলায় প্রথম বুলডোজার চলেছিল তপসিয়ায় ৷ ফাঁকা ময়দানে দাঁড়িয়ে সেই বুলডোজার আটকেছি আমরা ৷ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ হবে ৷ রাজ্য সরকারের বুলডোজারের জবাব দিয়েছে নওশাদ সিদ্দিকী আর বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷"

    উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকারের 'বুলডোজার নীতি', হকার উচ্ছেদ এবং ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বুধবার বিধানসভা চত্বরে ধরনায় বসে তৃণমূল কংগ্রেস । বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক বিধায়ক ও শীর্ষ নেতা । এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পূর্বতন শাসকদলকে তীব্র কটাক্ষ করেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "ওই অবস্থানে তৃণমূলের আশিজন বিধায়কের মধ্যে 30 জনও উপস্থিত ছিলেন না ৷ এতেই বোঝা যাচ্ছে দলটা ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে ৷"
  • Link to this news (eTV Bharat)