• হাসপাতালের নিরাপত্তায় পুলিশের নতুন 'ব্লুপ্রিন্ট' ! দালালচক্র রুখতেও বিশেষ জোর
    eTV Bharat | ২২ মে ২০২৬
  • কলকাতা, 21 মে: কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা আরও শক্ত হাতে সামলাতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ । মঙ্গলবার পুলিশ কমিশনারের দফতর থেকে প্রকাশিত ওই নির্দেশিকায় হাসপাতালের অফিসার-ইন-চার্জদের দায়িত্ব ও কর্তব্যের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে ।

    নতুন নির্দেশ অনুযায়ী, হাসপাতাল চত্বরে রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগীর পরিজন এবং হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে । পাশাপাশি হাসপাতালের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

    বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাসপাতালের প্রবেশ ও প্রস্থান ব্যবস্থায় । রোগীর আত্মীয়দের নিয়ন্ত্রিত প্রবেশ, যানবাহনের চলাচলে নজরদারি এবং সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশ রুখতে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে । দীর্ঘদিনের অভিযোগ থাকা দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে ।

    নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পুলিশ কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন স্পষ্ট করতে হবে । তৈরি করতে হবে নির্দিষ্ট ডিউটি রোস্টার । নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে ডিউটিতে থাকা কর্মীদের সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে । দ্রুত যোগাযোগের জন্য ওয়্যারলেস ব্যবস্থা সর্বদা সচল রাখার নির্দেশ রয়েছে ।

    রোগীর ভিড় নিয়ন্ত্রণেও বাড়তি কড়াকড়ি আনা হচ্ছে । আউটডোর, জরুরি বিভাগ এবং ডায়াগনস্টিক এলাকাগুলিতে অতিরিক্ত ভিড় এড়াতে একসঙ্গে বহু মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে । আগুন লাগা, চুরি, হিংসা, নিখোঁজ ব্যক্তি কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে ।

    হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হেল্পলাইন নম্বর দৃশ্যমান রাখতে হবে । বাইরে বেরোনোর জরুরি পথ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে নির্দেশিকায় । পাশাপাশি সমস্ত বেসরকারি নিরাপত্তারক্ষী, অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানকারী এবং অন্যান্য কর্মীদের তথ্যভাণ্ডার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

    সিসিটিভি নজরদারি আরও জোরদার করার উপরও বিশেষ গুরুত্ব দিয়েছে কলকাতা পুলিশ । প্রয়োজন হলে ফুটেজ সংরক্ষণ এবং হাসপাতালের স্পর্শকাতর অংশগুলিকে সর্বক্ষণ নজরদারির আওতায় রাখার কথা বলা হয়েছে । রাতের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে নির্দেশিকায় । নিয়মিত নাইট পেট্রোলিং, সংবেদনশীল এলাকায় নজরদারি এবং নার্স ও মহিলা চিকিৎসকদের হস্টেলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ রয়েছে । পাশাপাশি অ্যাম্বুল্যান্স চলাচল ও পার্কিং ব্যবস্থাও আরও নিয়ন্ত্রিত করার কথা বলা হয়েছে ।
  • Link to this news (eTV Bharat)