• তামিলনাড়ু মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল, এই প্রথম এআই দপ্তর, ছ’দশক পর যোগদান কংগ্রেসের
    বর্তমান | ২২ মে ২০২৬
  • চেন্নাই: বৃহস্পতিবার মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন তামিলনাড়ুর নব-নির্বাচিত টিভিকে জোট সরকারের মুখ্যমন্ত্রী সি জে বিজয়। একইসঙ্গে মন্ত্রিসভায় কিছু রদবদল ও নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন তিনি। এদিন আরও ২৩ জন মন্ত্রিপদে শপথ নিয়েছেন। তার মধ্যে ২১ জন মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকের এবং ২ জন শরিক কংগ্রেসের। এর ফলে দক্ষিণ ভারতের এই রাজ্যে দীর্ঘ ৫৯ বছর পর মন্ত্রিসভায় প্রত্যাবর্তন হল হাত শিবিরের। এদিন ২৩ জন বিধায়ক মন্ত্রিপদে শপথ নেওয়ায় মুখ্যমন্ত্রী বিজয়ের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে হল ৩৩ জন। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) সংক্রান্ত নতুন দপ্তর তৈরি করা হয়েছে। এআই মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আর কুমার।

    এদিন লোকভবনে ২৩ বিধায়ককে মন্ত্রিপদে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন লোগেশ তামিলসেলভান ডি, বিজয় তামিলান পার্থিবান এ, রমেশ, আর কুমার, মহম্মদ ফারবাস জে, এন মারি উইলসন প্রমুখ। পাশাপাশি মন্ত্রিসভায় রদবদল ও নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়েও উল্লেখযোগ্য তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে নারী কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী বিজয় নিজের হাতে রেখেছিলেন। রদবদলে সেই দপ্তরের দায়িত্ব তুলে দিয়েছেন কে জগদেশ্বরীর হাতে। কংগ্রেসের পাঁচ বিধায়কের এদিন দু’জন মন্ত্রিপদে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে এস রাজেশ কুমার পর্যটন এবং পি বিশ্বনাথ উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন। শপথবাক্য পাঠ করার সময় রাজেশ কুমার আচমকাই কামরাজ, রাজীব গান্ধী ও রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতাদের নামে জয়ধ্বনি দেন। তাঁকে থামিয়ে রাজ্যপাল আরলেকর সাফ জানিয়ে দেন, শপথবাক্য হিসাবে কাগজে যা লেখা আছে শুধুমাত্র সেটুকুই পাঠ করতে হবে। মন্ত্রিসভার রদবদল হিসাবে কে এ সেনগোত্তাইয়ানের হাত থেকে অর্থদপ্তর সরিয়ে তা এন মারি উইলসনের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। সেনগোত্তাইয়ানকে দেওয়া হয়েছে শুল্ক ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্ব। শ্রমদপ্তরের দায়িত্ব পেয়েছেন টিভিকে নেতা মহম্মদ ফারবাস।  রাজ্যের নতুন মন্ত্রী এস কামালিকে সংবর্ধনা দিচ্ছেন রাজ্যপাল। পাশে মুখ্যমন্ত্রী বিজয়। 
  • Link to this news (বর্তমান)