আমেরিকায় বিপুল লগ্নির আশ্বাস ভারতীয় কোম্পানিগুলির, উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তি: জুনেই আসতে পারেন ওয়াশিংটনের প্রতিনিধিরা
বর্তমান | ২২ মে ২০২৬
নয়াদিল্লি: আমেরিকায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সংস্থাগুলি। বৃহস্পতিবার এমনটাই জানালেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। আমেরিকার চেম্বার অব কর্মাস ইন ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সার্জিও বলেন, ‘ভারতীয় সংস্থাগুলির ২০ বিলিয়ন ডলারের বেশি লগ্নির এই প্রতিশ্রুতিতে আমি রোমাঞ্চিত। ২০ বিলিয়ন ডলার শুধু অঙ্কের হিসেবেই বড় নয়, আমেরিকায় বিনিয়োগ আনার ক্ষেত্রেও ভারতের মার্কিন দূতাবাস প্রথম স্থান অধিকার করেছে।’ পাশাপাশি গোর জানিয়েছেন, মার্কিন সংস্থাগুলিও ভারতের বাজারে তাদের অবস্থান শক্তিশালী করছে।
ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়েও এদিন কথা বলেন গোর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ট্রাম্পের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি এমনভাবে করা, যাতে মার্কিন সংস্থা ও কর্মীদের লাভ হয়। বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে। যা দুই দেশের জন্যই সুযোগ-সুবিধা নিয়ে আসবে।’
অন্যদিকে, বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, দ্বিপাক্ষিক চুক্তির জন্য আগামী মাসেই ভারতে আসতে পারে আমেরিকার প্রতিনিধি দল। মুখোমুখি আলোচনা করতে গত এপ্রিল মাসে আমেরিকায় গিয়েছিল ভারতীয় প্রতিনিধি দল। তবে পরবর্তীকালে শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশ সংক্রান্ত জটিলতার কারণে তা আর এগয়নি। প্রসঙ্গত, আগামী ২৩ মে চার দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক বিষয়ে সহযোগিতা বাড়াতে মার্কিন বিদেশ সচিব প্রথমবার ভারত সফর আসছেন। গোয়েল আরও জানিয়েছেন, ‘গত ৬ মাসে ৬০ বিলিয়ন ডলারের বেশি লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। ভারতে ডেটা সেন্টার গড়ার কথা জানিয়েছে আমাজন ও গুগলের মতো সংস্থা।’