• দিল্লির দাঙ্গা মামলায় জামিন আরও এক অভিযুক্তের
    বর্তমান | ২২ মে ২০২৬
  • নয়াদিল্লি:  দিল্লি হিংসা মামলায় জামিন আরও এক অভিযুক্তের। বৃহস্পতিবার ইউএপিএ ধারায় অভিযুক্ত সেলিম মালিকের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। গত ২৯ জানুয়ারি মালিকের আরজি নাকচ হয়ে গিয়েছিল ট্রায়াল কোর্টে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সেলিম। বৃহস্পতিবার মামলায় সুপ্রিম কোর্টে একই মামলায় অভিযুক্ত সেলিম খান ও শাদাব আহমেদের জামিনের প্রসঙ্গ তুলে সেলিমের জামিনের আরজি করেন তাঁর আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেছে বিচারপতি প্রতিভা এম সিং ও মধু জৈনের বেঞ্চ। 

    ২০২০ সালে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বেশ কিছু অংশে হিংসা ছড়িয়ে পড়ে। ওই বছরের জুন মাসে সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত জানুয়ারিতে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত ৫ জনকে জামিন দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। তবে এখনও হাজতে রয়েছেন উমর খালিদ ও শারজিল ইমাম।

    অন্যদিকে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন উমর খালিদ। কাকার মৃত্যু পরবর্তী আচার ও মায়ের অসুস্থতার জন্য অন্তর্বর্তী জামিন চেয়ে ট্রায়াল কোর্টের আরজি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আরজি খারিজ হওয়ায় হাইকোর্টে আবেদন জানিয়েছেন উমর। আজ শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। 
  • Link to this news (বর্তমান)