সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নিয়ে সরব বিজেপি।
দলের নগর মণ্ডল সম্পাদক তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা রাকেশ চৌধুরী ফেসবুকে একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) পোস্ট করেন। সেটিতে দেখা যাচ্ছে, ওয়ার্ডের একাধিক মহিলাসহ অন্যরা বালতি নিয়ে দাঁড়িয়ে। তাঁরা দাবি করেন, তৃণমূল কংগ্রেস বিধানসভায় হারার পর থেকে ঠিকমতো জল পাচ্ছেন না।
বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপির কাজিয়া শুরু হয়েছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রিয়াঙ্কা চৌধুরী গঙ্গোপাধ্যায়ও ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, বুধবার বিকেল পাঁচটার পর এলাকার সাবমার্সিবল খারাপ হয়ে যায় বলে জলের সমস্যা হয়েছিল। পুরসভা কাজ শুরু দিয়েছে। তৃণমূলের পুরসভা বলে বদনাম করার জন্য রাজনৈতিক রং লাগানো হচ্ছে।
শহরের ১ থেকে ২০ নম্বর ওয়ার্ডে সকাল-সন্ধ্যা জল দেয় পুরসভা। চাহিদা মেটাতে ওই এলাকায় সাবমার্সিবল বসানো হয়েছে। অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের জল সরবরাহের গতি ভালো নয়। এটা দীর্ঘদিনের সমস্যা। ওই দিন সাবমার্সিবল খারাপ হওয়ায় জলের হাহাকার পড়ে যায়।
বিজেপি নেতা রাকেশ বলেন,আমাদের ওয়ার্ডে বাচ্চা কলোনি এলাকায় তিনশোর বেশি পরিবার। অনেকে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। তৃণমূল হারার পর অনেকেই কাজ করছেন না। গণস্বাক্ষর করে পুরসভায় জমা দেব।
ফেসবুকে তৃণমূল কাউন্সিলার প্রিয়াঙ্কা বিজেপি নেতার নাম না করে ভিডিও প্রসঙ্গে বলেন, উস্কানিমূলক পোস্ট করলেই হবে না, সত্যতা যাচাই করে আঙুল তুলবেন। এতদিন আপনাদের কারও পাশে থাকতে দেখা যায়নি। হঠাৎ করে পুরপ্রতিনিধি হওয়ার জন্য অন্যকে দোষ দেওয়ার আগে ভাববেন। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।