পুনর্বাসন ছাড়া চলবে না হকার উচ্ছেদ, দাবি তুলে পথে তৃণমূল
বর্তমান | ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হকারদের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে বৃহস্পতিবার পথে নামল তৃণমূল কংগ্রেস। হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষাভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়। আগেই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল, শিয়ালদহ, হাওড়া ও বালিগঞ্জ স্টেশন সংলগ্ন অংশে হকার উচ্ছেদের প্রতিবাদে কর্মসূচি হবে। সেইমতো কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ তৃণমূলের। ফলে শিয়ালদহ স্টেশন থেকে খানিক দূরবর্তী প্রাচী সিনেমা হলের সামনে কর্মসূচি করে তৃণমূল। কর্মসূচিতে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র।
কুণাল বলেছেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানব না। হরেক উচ্ছেদ করে গরিব মানুষের পেটে লাথি মেরেছে প্রশাসন। সাধারণ মানুষের জীবন-জীবিকাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। তাই আমাদের দাবি, উচ্ছেদ করার আগে হকারদের সঙ্গে কথা বলতে হবে। পুনর্বাসনসহ সব ব্যবস্থা হকারদের জন্য নিতে হবে প্রশাসনকে।
নির্বাচন পরবর্তী পর্যায়ে এদিনই ছিল তৃণমূলের রাস্তায় নেমে প্রথম কর্মসূচি। সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা হকারদের পাশে দাঁড়িয়েছেন। হকার উচ্ছেদের নামে, তাঁদের উপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদ জানানো হয়। বিধায়ক মদন মিত্র বলেন, আমাদের মাথার উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাঁর নির্দেশ ও পরামর্শ মতো আমরা রাস্তায় নেমে আন্দোলনে রয়েছি। সাধারণ মানুষের পাশে আমরা সবসময় থাকব।
এদিন বালিগঞ্জ স্টেশন সংলগ্ন অংশে তৃণমূল কর্মসূচি করতে পারেনি। পুলিশের কাছে চিঠি দেওয়া হলেও তারা কর্মসূচির জন্য অনুমতি দেয়নি বলে অভিযোগ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। এরপর শুক্রবার হাওড়া স্টেশন সংলগ্ন অংশে তৃণমূলের কর্মসূচি হবে।
অন্যদিকে, বিধাসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার জন্য বৃহস্পতিবার স্পিকারের কাছে ফের চিঠি দিয়েছেন শোভনদেববাবু। তৃণমূল বিধায়কদের ৭০ জনের স্বাক্ষর সংবলিত রেজ্যোলিউশন জমা দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে। তৃণমূলের ৮০ জন বিধায়ক। সেখানে কেন ৭০ জনের স্বাক্ষর? শোভনদেববাবুর যুক্তি, সাতজন নিজ নিজ এলাকার কর্মীদের পাশে রয়েছেন। ওই এলাকাগুলিতে যথেষ্ট রাজনৈতিক উত্তাপ রয়েছে। ফলে সেখানেই আছেন তাঁরা। বাকি তিনজন শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ।